সারাদেশ

লিবিয়ায় মানবপাচারকারীদের নির্যাতনে মাদারীপুরের যুবকের মৃত্যু


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ০৭:০৮ পিএম

লিবিয়ায় মানবপাচারকারীদের নির্যাতনে মাদারীপুরের যুবকের মৃত্যু
ছবিঃ সংগৃহীত

লিবিয়ায় মাফিয়াদের নির্যাতনে মাদারীপুরের যুবক ইকবাল মাদবরের (২৫) মৃত্যু হয়েছে। 
 
আজ বৃহস্পতিবার (০৬ আগস্ট) সকালে মৃত্যুর খবর আসে পরিবারের কাছে। শুরু হয় শোকের মাতম। নিহত ইকবাল শিবচর উপজেলার দক্ষিণ বহেরাতলা ইউনিয়ন সরকারেরচর গ্রামের বাসিন্দা ছিলেন। 
 
স্বজনরা জানান, কয়েক মাস আগে শিবচরের বাঁশকান্দি ইউনিয়নের ছলেনামা গ্রামের মানবপাচারকারী চক্রের সদস্য সাগর মাদবর ও কামরুল মাদবরের প্রলোভনে পড়ে ইতালির উদ্দেশে বাড়ি ছাড়ে ইকবাল মাদবর। চুক্তিমতে ২০ লাখ টাকা দালালের হাতে তুলে দেয় পরিবার। পরে ইতালির পরিবর্তে ইকবালকে লিবিয়ায় নিয়ে বন্দি করে নির্যাতন চালায় দালাল চক্র। চাওয়া হয় মুক্তিপণের ১২ লাখ টাকা। ধারদেনা করে মাফিয়াদের আরও ৮ লাখ টাকা দেয় যুবকের পরিবার। চাহিদা মতো বাকি ৪ লাখ টাকা না দেওয়ায় ইকবালের ওপর শুরু হয় অমানসিক নির্যাতন। 
 
পরে গুরুতর অসুস্থ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। বৃহস্পতিবার সকালে ইকবালের মৃত্যুর খবর পেলে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। 
 
এ ঘটনায় জড়িত দালাল সাগর মাদবর ও কামরুল মাদবরের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী।
 
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, এ ঘটনার অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।