সারাদেশ
বিএনপি মরলে জামায়াতকেও মরতে হবে: রাশেদ খান
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেছেন, দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় বিএনপি দুর্বল হয়ে পড়লে জামায়াতের টিকেও থাকা কঠিন হবে। তিনি মনে করেন, আওয়ামী লীগ পুনরায় ক্ষমতায় ফিরলে বিরোধী রাজনৈতিক শক্তির ওপর দমন-পীড়ন আরও বৃদ্ধি পাবে।
শুক্রবার (৭ আগস্ট) বিকেলে ঝিনাইদহের কালীগঞ্জে মোবারকগঞ্জ চিনিকলের গেস্টহাউসে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
রাশেদ খান অভিযোগ করেন, জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত জাতীয় অনুষ্ঠানে জামায়াতে ইসলামী ও এনসিপির নেতাকর্মীরা বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। বিদেশি কূটনীতিকদের উপস্থিতিতে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিরোধী দলের কর্মীরা অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করেছে বলেও দাবি করেন তিনি। সচিবালয় ঘেরাওয়ের নামে ‘মব’ তৈরি করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অপচেষ্টা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে পরোক্ষভাবে আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসার সুযোগ তৈরি করে দেওয়া হচ্ছে।
সম্প্রতি শেখ হাসিনার নামে প্রচারিত একটি অডিও বার্তা নিয়েও প্রশ্ন তোলেন রাশেদ খান। তিনি বলেন, শেখ হাসিনা জীবিত না মৃত—এ বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। ভারতে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তার নামে যে অডিও প্রচার করা হয়েছে, সেটি সত্যিকারের বক্তব্য নাকি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি দিয়ে তৈরি—তা নিয়েও সন্দেহ রয়েছে।
তিনি বলেন, শেখ হাসিনা জীবিত থাকলে তাকে দেশে ফিরে এসে আইনের মুখোমুখি হতে হবে। আইনি প্রক্রিয়ার মাধ্যমেই তার বিচার হওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।
আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সম্ভাবনা প্রসঙ্গে রাশেদ খান বলেন, দলটির রাজনীতিতে ফিরে আসার কোনো সুযোগ নেই। আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগকে নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন হিসেবে উল্লেখ করে তিনি বলেন, তাদের দেশে রাজনীতি করার সুযোগ দেওয়া হবে না।
এ সময় স্থানীয় উন্নয়ন প্রসঙ্গেও কথা বলেন তিনি। কালীগঞ্জের উন্নয়নে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিএনপির নাম ব্যবহার করে কেউ যেন চাঁদাবাজি করতে না পারে, সে বিষয়ে দলের নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে।
মতবিনিময় সভায় স্থানীয় রাজনৈতিক নেতা, প্রশাসনের কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।