সারাদেশ

বগুড়ায় বিষ দিয়ে গর্ভবতী গাভীসহ ৩ টি গরুকে মেরে ফেলার অভিযোগ


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ০৬:৪৬ পিএম

বগুড়ায় বিষ দিয়ে গর্ভবতী গাভীসহ ৩ টি গরুকে মেরে ফেলার অভিযোগ
ছবিঃ সংগৃহীত

বগুড়ার ধুনটে বিষ প্রয়োগে একটি গর্ভবতী গাভীসহ তিনটি গরুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। 

গতকাল রবিবার (১৬ আগস্ট) রাতে উপজেলার মথুরাপুর ইউনিয়নের ছাতিয়ানী গ্রামে এই ঘটনা ঘটে। এতে ওই খামারীর প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার মথুরাপুর ইউনিয়নের ছাতিয়ানী গ্রামের দর্জি মোতালেব শেখের ছেলে আমিরুল ইসলাম জীবিকার তাগিদে ঢাকায় একটি পোশাক কারখানায় কাজ করেন। বাড়িতে তার স্ত্রী গরুগুলো পরিচর্যা করতেন। প্রতিদিনের মতো গতকাল রাতেও গরুগুলোকে গোয়ালঘরে বেঁধে রাখা হয়। রাত আনুমানিক ১১টার দিকে গরুগুলো হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়ে এবং বিষক্রিয়ার মতো লক্ষণ দেখা দেয়। একপর্যায়ে একে একে তিনটি গরু মারা যায়।

এ বিষয়ে খামারী আমিরুল ইসলাম বলেন, গর্ভবতী গাভীটির পেটে থাকা অনাগত বাছুরসহ মোট তিনটি গরুর মৃত্যু হয়েছে। একজন গ্রামীণ চিকিৎসক গরুগুলোর মৃত্যুর লক্ষণ দেখে বিষক্রিয়ার কথা উল্লেখ করেছেন।