সারাদেশ

সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৯ বাংলাদেশির দাফন সম্পন্ন


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬, ০৫:৪৩ পিএম

সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৯ বাংলাদেশির দাফন সম্পন্ন
ছবি: সংগৃহীত

সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৯ বাংলাদেশির দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) জুমার নামাজের পর দ্বিতীয় দফা জানাজা শেষে নিজ নিজ পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়।

এর আগে বৃহস্পতিবার নিহতদের মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিজ নিজ গ্রামের বাড়িতে নেওয়া হয়। নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে সকাল সোয়া ১০টার দিকে জানাজা অনুষ্ঠিত হয়। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

মরদেহ বাড়িতে পৌঁছানোর পর স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ। পরিবারের সদস্যদের পাশাপাশি আত্মীয়স্বজন ও প্রতিবেশীরাও শোকে ভেঙে পড়েন।

এদিকে নিহত প্রত্যেকের পরিবারকে প্রশাসনের পক্ষ থেকে ৩৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার কথা জানানো হয়েছে।

প্রসঙ্গত, গত ৯ আগস্ট সৌদি আরবে একটি অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি নিহত হন। তাদের মধ্যে পরিচয় শনাক্ত হওয়া ৯ জনের মরদেহ দেশে আনা হয়। শুক্রবার তাদের দাফন সম্পন্ন হলো।