সারাদেশ
চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা
চুয়াডাঙ্গায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা করেছেন নবনিযুক্ত পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৪টায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পুলিশের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় পুলিশ সুপার উপস্থিত সাংবাদিকদের সঙ্গে পরিচিত ও শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা ও অপরাধ দমনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার মাদক ও চোরাচালান প্রতিরোধ, সড়ক-মহাসড়কে সিন্ডিকেট ও চাঁদাবাজি দমন, ফুটপাত দখলমুক্তকরণ, যানজট নিয়ন্ত্রণ এবং জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে পুলিশি কার্যক্রম আরও গতিশীল করার কথা জানান। তিনি চুয়াডাঙ্গায় মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির কথা উল্লেখ করে মাদকের সঙ্গে জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না বলে জানান।
এ ছাড়া বাল্যবিবাহ ও আত্মহত্যা প্রতিরোধ, অনলাইন জুয়া, সাইবার বুলিং এবং কিশোর গ্যাং নিয়ন্ত্রণে সামাজিক সচেতনতা ও সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
মতবিনিময়কালে সাংবাদিকরা মাদকের বিস্তার রোধ, শহরের যানজট নিরসন এবং স্পর্শকাতর এলাকায় পুলিশি টহল জোরদারের দাবি জানান। পাশাপাশি অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল, ফেসবুক পেজ ও গ্রুপের মাধ্যমে অপপ্রচার রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করেন তারা।
পুলিশ সুপার গণমাধ্যমকর্মীদের বস্তুনিষ্ঠ ও সঠিক তথ্যের ভিত্তিতে সংবাদ পরিবেশনের আহ্বান জানিয়ে বলেন, পুলিশ ও সাংবাদিকদের পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে কাজ করলে অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করা সহজ হবে।
সভাটি সঞ্চালনা করেন সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) শেখ মোহাম্মদ নুরুল্লাহ। উপস্থিত ছিলেন ডিআই (১) কামরুজ্জামান।
চুয়াডাঙ্গায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা এ সভায় উপস্থিত ছিলেন।