সারাদেশ
৫২ বছর বয়সে এসএসসি দিয়ে ইংরেজিতে ফেল, বললেন ‘পাস করেই ছাড়ব’
শিক্ষা যে কখনোই বয়স দেখে না, তার জীবন্ত প্রমাণ নাটোরের দেলোয়ার হোসেন দুলু। ৩৫ বছর আগে এক অনাকাঙ্ক্ষিত ঘটনায় শিক্ষাজীবন থমকে গিয়েছিল তার। তবে সময়ের ব্যবধানে থেমে থাকেনি তার শেখার আকাঙ্ক্ষা। অবশেষে ৫২ বছর বয়সে আবারও এসএসসি পরীক্ষার হলে ফিরেছেন এই ইউনিয়ন পরিষদ সদস্য।
এ বছর কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেন তিনি। সব বিষয়ে পাস করলেও ইংরেজিতে অকৃতকার্য হন। তবে তাতে মনোবল হারাননি দুলু। তার আশাবাদী ঘোষণা, “পরের বার আরও ভালো প্রস্তুতি নিয়ে আবার বসব—পাস করেই ছাড়ব ইনশাআল্লাহ।”
নাটোরের বাগাতিপাড়া উপজেলার করমদোশী পশ্চিমপাড়ার বাসিন্দা দুলু ছোটবেলায় ছিলেন মেধাবী ছাত্র। ১৯৮৫ সালে প্রাথমিক ও ১৯৮৮ সালে জুনিয়র বৃত্তি অর্জন করেছিলেন। ১৯৯০ সালে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিলেও অনাকাঙ্ক্ষিতভাবে বহিষ্কৃত হন। এরপর দীর্ঘ সময় পড়াশোনার বাইরে থেকে সংসার ও জনপ্রতিনিধিত্বে নিজেকে নিয়োজিত করেন।
তবে পরিবারের অন্য ভাইবোনদের উচ্চশিক্ষা এবং সন্তানদের শিক্ষায় উৎসাহ দিতে গিয়ে নিজের অপূর্ণতা তাড়িয়ে বেড়ায় তাকে। সেই তাড়না থেকেই আবার নতুন করে পড়াশোনায় ফিরে আসার সিদ্ধান্ত নেন। গোপনে ভর্তি হন নবম শ্রেণিতে এবং এ বছর রাজশাহীর চারঘাট উপজেলার উমরগাড়ী দারুল খায়ের সুন্নাহ দাখিল মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষা দেন।
দুলুর কথায়, “শিক্ষা জীবনের স্বপ্নটা অসমাপ্ত ছিল, তাই আবারও ফিরে এলাম। বয়স কোনো বাধা না—ইচ্ছা থাকলে সবই সম্ভব।”