সারাদেশ

পাবনায় আবাসিক ভবন থেকে রাশিয়ার নাগরিকের মরদেহ উদ্ধার


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৬, ১২:০৫ পিএম

পাবনায় আবাসিক ভবন থেকে রাশিয়ার নাগরিকের মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত

পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের গ্রিন সিটি আবাসিক ভবন থেকে রাশিয়ার এক নাগরিকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (৪ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে গ্রিন সিটির ৮ নম্বর আবাসিক ভবনের তৃতীয় তলার ৩১ নম্বর কক্ষে অ্যাটমটেক এনার্গো কোম্পানির কর্মী রাইবাকভ মাকসিম (২৮) নিথর অবস্থায় পাওয়া যায়।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, রাইবাকভের রুমমেট ফ্রোলিওভ (রাশিয়ার নাগরিক) কক্সবাজারে ছুটি কাটিয়ে সকালে নিজের কক্ষে ফিরে এসে মাকসিমকে মেঝেতে পড়ে থাকতে দেখেন। এরপর তিনি বিষয়টি কর্তৃপক্ষকে জানান।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কোম্পানির সিকিউরিটি টিম, রাশিয়ার চিকিৎসক ও ঈশ্বরদী থানা পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ট্রোকজনিত কারণে তার মৃত্যু হয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুজ্জামান জানান, মরদেহ উদ্ধার শেষে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর মরদেহ কোম্পানির কাছে হস্তান্তর করা হয়েছে। রাশিয়ান দূতাবাসের মাধ্যমে কোম্পানি মরদেহ রাশিয়ায় পাঠানোর ব্যবস্থা নেবে।