সারাদেশ
গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান তারেক রহমানের
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে রায় দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে রংপুরের ঐতিহাসিক কালেক্টরেট ঈদগাহ মাঠে আয়োজিত বিএনপির বিভাগীয় জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
তারেক রহমান বলেন, রংপুর শহীদ আবু সাঈদের রক্তে রঞ্জিত এক পবিত্র ভূমি। আবু সাঈদ ও ওয়াসিমসহ প্রায় ১৪শ শহীদের আত্মত্যাগের মধ্য দিয়ে যে ‘জুলাই সনদ’ তৈরি হয়েছে, তা রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব। তিনি বলেন, এই চেতনা বাস্তবায়নে জনগণের ঐক্য ধরে রাখতে হবে।
তিনি আরও বলেন, ৫ আগস্টের গণঅভ্যুত্থানে সাধারণ মানুষের যে ঐক্য দেখা গেছে, তা অটুট রাখতে হবে। নিশিরাত ও পাতানো নির্বাচনের যুগ শেষ হয়েছে উল্লেখ করে তিনি ভোটারদের সচেতন থেকে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।
রংপুরের উন্নয়ন প্রসঙ্গে বিএনপি চেয়ারম্যান বলেন, রংপুরকে অবহেলিত অঞ্চল হিসেবে দেখা হলেও এটি অপার সম্ভাবনাময় এলাকা। বিএনপি ক্ষমতায় এলে কৃষিভিত্তিক শিল্পকারখানা স্থাপন, ব্যবসায়ীদের জন্য বিশেষ প্রণোদনা এবং কর্মসংস্থান সৃষ্টিতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি স্থানীয় আইটি খাতকে উৎসাহ দিতে নির্দিষ্ট সময়ের জন্য কর ছাড় দেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি।
কৃষক ও নারীদের জন্য দলের কর্মপরিকল্পনা তুলে ধরে তারেক রহমান বলেন, বিএনপি সরকার গঠন করলে কৃষকদের সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ করা হবে। কৃষি কার্ডের মাধ্যমে সহায়তা নিশ্চিত করা হবে এবং অন্তত এক মৌসুমের জন্য বিনামূল্যে বীজ ও কীটনাশক দেওয়া হবে। এছাড়া ‘ফ্যামিলি কার্ড’ চালুর মাধ্যমে নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন তিনি।
জনসভায় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আমরা আমাদের পরিকল্পনা তুলে ধরেছি, এবার সিদ্ধান্ত আপনাদের। জবাবে উপস্থিত জনতা ‘ধানের শীষ’ স্লোগানে মুখর হয়ে ওঠে। এ সময় তিনি সবাইকে ফজরের নামাজ শেষে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।
রাত সাড়ে ৮টার দিকে তারেক রহমান সভাস্থলে পৌঁছান। বগুড়া থেকে সড়কপথে রংপুরে আসার পথে নেতাকর্মীদের অভ্যর্থনার কারণে নির্ধারিত সময়ের তুলনায় কিছুটা বিলম্ব হয়। এর আগে সন্ধ্যায় তিনি পীরগঞ্জ উপজেলার জাফরপাড়ায় শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন।
রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামুর সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় ও বিভাগীয় নেতারা উপস্থিত ছিলেন। প্রায় দুই দশক পর তারেক রহমানের রংপুর সফর ঘিরে সকাল থেকেই জনসভাস্থলে বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি দেখা যায় এবং সময় গড়ানোর সঙ্গে সঙ্গে মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।