সারাদেশ
এনসিপির বহিষ্কৃত নেতা তানভীর ৩ দিনের রিমান্ডে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বহিষ্কৃত নেতা গাজী সালাউদ্দিন আহমেদ তানভীরকে তিন দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত।
সোমবার (১০ আগস্ট) দুপুরে বগুড়া সদর আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদি হাসান শুনানি শেষে এই আদেশ দেন।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ও বগুড়া সদর থানার উপপরিদর্শক মাসুদুর রহমান তানভীরকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট ভোরে ঢাকার মিরপুরের মনিপুরীপাড়ার একটি বাসা থেকে তানভীরকে গ্রেফতার করা হয়। পরে তাকে বগুড়ায় নিয়ে একই দিনে আদালতে তোলা হলে প্রাথমিক শুনানি শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
মামলার এজাহার ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এনসিপির একটি কর্মসূচিতে হামলার ঘটনাকে কেন্দ্র করে তানভীর তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে তারেক রহমানকে উদ্দেশ করে কটূক্তিমূলক ও মানহানিকর পোস্ট দেন। ওই পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা তৈরি হয়।
এ ঘটনায় বগুড়া সদর থানা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল বাদী হয়ে সাইবার সুরক্ষা আইনে বগুড়া সদর থানায় মামলা দায়ের করেন।