সারাদেশ

গাইবান্ধায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৩ নেতা গ্রেপ্তার


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৫, ১০:০৭ পিএম

গাইবান্ধায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৩ নেতা গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

গাইবান্ধায় পৃথক অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত গাইবান্ধা ও বগুড়ার বিভিন্ন স্থানে এসব অভিযান পরিচালিত হয়।

পুলিশ জানায়, মঙ্গলবার রাত ৯টার দিকে বগুড়া সদর থানার এলাকায় অভিযান চালিয়ে গাইবান্ধা জেলা স্বেচ্ছাসেবক লীগ-এর সদস্য সচিব আব্দুল লতিফ আকন্দ এবং গাইবান্ধা পৌর ছাত্রলীগের সাবেক আহ্বায়ক কামাল আহমেদ বাবুকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

এর আগে সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ছাউনিয়ার রথের বাজার এলাকা থেকে বরিশাল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিমকে গ্রেপ্তার করে পলাশবাড়ী থানা পুলিশ।

পলাশবাড়ী থানার ওসি জুলফিকার আলী ভুট্টো বলেন, “গ্রেপ্তার রেজাউল করিমের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। চলমান ‘ডেভিল হান্ট’ অভিযানের অংশ হিসেবে তাকে আটক করা হয়েছে।”

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার তিনজনকেই সংশ্লিষ্ট থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাদের রাজনৈতিক কর্মকাণ্ড ও মামলার বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে।