সারাদেশ
কুড়িগ্রামে শীতের তীব্রতা বৃদ্ধি, তাপমাত্রা নেমে ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস
উত্তরের সীমান্ত জেলা কুড়িগ্রামে ক্রমেই বাড়ছে শীতের দাপট ও ঘন কুয়াশা। ভোর থেকে বইতে থাকা হিমেল হাওয়া এবং সকাল গড়াতেই ঘন কুয়াশার কারণে দিনের বেলাতেও অনেক স্থানে যানবাহনকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে।
সোমবার (১ ডিসেম্বর) ভোর ৬টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বিষয়টি নিশ্চিত করেছেন রাজারহাট আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার।
শীতের প্রকোপে বিশেষ করে ভোরবেলা ও রাতের শেষ ভাগে দুর্ভোগ বাড়ছে ছিন্নমূল ও অসহায় মানুষের। হিমেল বাতাস ও ঘন কুয়াশায় অনেকেই কাঁপতে কাঁপতে আশ্রয় নিচ্ছেন অস্থায়ী খুপড়ি ঘর, স্টেশন, মার্কেটের বারান্দা কিংবা ফুটপাতে।
জেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, ফসলের জমি, ঘাসের ডগা ও ধানের শীষে জমে আছে ঘন শিশিরবিন্দু। দিনের বেলায় রোদের সামান্য উষ্ণতা মিললেও সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে শীতের তীব্রতা দ্রুত বাড়ছে। স্থানীয়দের ভাষ্যমতে, বিশেষ করে মধ্যরাতের পর হিমেল হাওয়ার দাপট আরও বেড়ে যাচ্ছে, যা শীতের অনুভূতিকে করে তুলছে আরও কঠিন।
জেলার মানুষ ইতোমধ্যে শীতবস্ত্র, কম্বল ও আগুন জ্বালিয়ে উষ্ণতা নেওয়ার চেষ্টা করছেন। সামনে আরও তাপমাত্রা কমতে পারে বলে ধারণা করছে স্থানীয় আবহাওয়া অফিস।