সারাদেশ
গোবিন্দগঞ্জে মাহফিলের মেলায় চাঁদা নিয়ে সংঘর্ষ, আহত ১০
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ওয়াজ মাহফিল উপলক্ষে আয়োজিত মেলায় চাঁদা চাওয়াকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় গ্রামের অন্তত ১০ জন গুরুতর আহত হয়েছেন।
সোমবার (সকাল ১০টার দিকে) গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের কাঁঠালবাড়ি মাদ্রাসা মাঠে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কাঁঠালবাড়ি এলাকায় ওয়াজ মাহফিল উপলক্ষে আয়োজিত মেলায় পার্শ্ববর্তী হাতড়েকুড়ি গ্রামের ১০–১৫ জন যুবকের একটি দল লাঠিসোঁটা নিয়ে প্রবেশ করে। তারা মেলার বিভিন্ন দোকানদারের কাছে চাঁদা দাবি করে। দোকানদাররা চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ওই যুবকরা মেলার নাগরদোলার চারটি সিঁড়ি খুলে নিয়ে যায়।
এ সময় ওয়াজ মাহফিল কর্তৃপক্ষ তাদের বাধা দিতে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে দুই গ্রামের লোকজনের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে উভয় পক্ষের মোট ১০ জন গুরুতর আহত হন।
আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে গুরুতর আহত জাহাঙ্গীর আলমকে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গোবিন্দগঞ্জ থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে। গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে এলাকায় পুলিশি নজরদারি জোরদার করা হয়েছে।