সারাদেশ
গাই-গরু বাঁধার দড়ি দিয়ে চাঁদাবাজদের বাঁধতে হবে: রাশেদ প্রধান
আপনাদের জেলার নামটাই বেশ সুন্দর। গাই-গরুগুলো বেঁধে রাখার জন্য গাইবান্ধা উল্লেখ করে জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার সহ-সভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, ‘গাই-গরু বাঁধার সেই দড়িগুলো তৈরি আছে তো? গাই-গরুর জায়গায় এবার চাঁদাবাজদের বাঁধতে হবে। দুর্নীতিবাজদের বেঁধে রাখতে হবে, চাঁদাবাজদের বেঁধে রাখতে হবে, সন্ত্রাসীদের বেঁধে রাখতে হবে।’
শনিবার (২৪ জানুয়ারি) গাইবান্ধায় দশ দলীয় ঐক্য জোট আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।
রাশেদ প্রধান বলেন, ‘যারা গণভোটে “না” ভোটের পক্ষে কথা বলছে, তাদের লাল কার্ড দেখিয়ে “হ্যাঁ” ভোটকে জয়যুক্ত করতে হবে। আগামীর প্রধানমন্ত্রী ডা. শফিকুর রহমানকে গাইবান্ধার পাঁচটি আসন থেকেই দাঁড়িপাল্লা প্রতীকে জয়ী করে উপহার দিতে হবে। আমাদের কথা পরিষ্কার। লন্ডন থেকে এক নতুন মুফতি এসেছে। উনি নির্ধারণ করছেন কে মুসলমান আর কে বিধর্মী। এসব চলবে না। আগামীর বাংলাদেশ ডা. শফিকুর রহমানের নেতৃত্বে ১০ দলীয় ঐক্য জোটের বাংলাদেশ।’
নির্বাচনী এ জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিগবাতুল্লাহ সিবগা, এনসিপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম জুয়েলসহ দশ দলীয় জোটের শীর্ষ নেতারা।