সারাদেশ

বিরামপুরে অটো চালকের মরদেহ উদ্ধার


নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩৩ পিএম

বিরামপুরে অটো চালকের মরদেহ উদ্ধার
ছবি: ঢাকাপ্রকাশ

দিনাজপুরে জেলার বিরামপুর উপজেলায় রাস্তার পাশ থেকে এক অটো চালকের মরদেহ উদ্ধার করেছে বিরামপুর থানা পুলিশ।

স্থানীয়রা বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে বিরামপুর উপজেলার ৩নং খাঁনপুর ইউনিয়নের ধানজুড়ি ও সন্দলপুর গ্রামের মধ্যবর্তী পাকা রাস্তার পাশে বন বিভাগের জমিতে মরদেহটি পড়ে থাকতে দেখেন। পরে তাঁরা বিষয়টি বিরামপুর থানা পুলিশকে অবহিত করেন।

নিহত ব্যক্তির নাম বাবুল হোসেন (৪৭)। তার বাড়ি  উপজেলার দিওড় ইউনিয়নের মাগুরাপাড়া গ্রামে । সে মাগুরাপাড়া গ্রামের মৃত কছির উদ্দিন মন্ডলের ছেলে। তিনি পেশায় একজন অটো চার্জার চালক ছিলেন। তিনি ঘরজামাই হিসেবে বিরামপুর পৌর শহরের বেগমপুর গ্রামে বসবাস করতেন।

নিহত বাবুল হোসেনের শ্বশুর বাড়ির লোকজন জানান, গতকাল বুধবার (৪ ফেব্রুয়ারী) দুপুরের বাবুল হোসেন  প্রতিদিনের ন্যায় অটো চার্জার নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায় এবং রাতে বাড়ি ফিরেনি। সকালে লোকমুখে আমরা জানতে পারি কে বা কাহারা খাঁনপুর ইউনিয়নের ধানজুড়ি এলাকায় তাঁকে মেরে ফেলে রেখে তাঁর অটো চার্জারটি নিয়ে যায় ।

বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) আতাউর রহমান জানান, খবর পেয়ে  পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। নিহতের পরনে ছিল লুঙ্গি ও সাদা-কালো রঙের একটি সুইটার। তাঁর এক পায়ে জুতা ছিল। প্রাথমিক তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি দিনাজপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। তিনি আরও জানান, অটো চালকের নিহতের মৃত্যুর সঠিক কারণ উদঘাটন করতে তদন্ত অব্যাহত রয়েছে।