সারাদেশ
রংপুরে প্রবাসীর স্ত্রীর ঘরে আপত্তিকর অবস্থায় আটক পুলিশ সদস্য
রংপুর নগরীর মাহিগঞ্জ এলাকায় এক প্রবাসীর স্ত্রীর বাসা থেকে রনি নামের এক পুলিশ সদস্যকে আপত্তিকর অবস্থায় আটক করেছে স্থানীয়রা। সোমবার (৮ জুন) রাতে মাহিগঞ্জ থানার কবিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
মঙ্গলবার (৯ জুন) দুপুরে বিষয়টির সত্যতা নিশ্চিত করেন মাহিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাইদুল ইসলাম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আটক রনি রংপুরের রিজার্ভ ফোর্সে কর্মরত। তিনি বিবাহিত এবং দুই সন্তানের জনক। অন্যদিকে সংশ্লিষ্ট ওই নারীর একটি কন্যা সন্তান রয়েছে এবং তার স্বামী সৌদি আরবে কর্মরত।
ঘটনার সময় প্রবাসীর স্ত্রী নিজ বাসায় অবস্থান করছিলেন। এ সময় পুলিশ সদস্য রনি সেখানে গেলে স্থানীয়দের সন্দেহ হয়। পরে তারা তাকে ওই নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক করে। খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
পরবর্তীতে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনকে মাহিগঞ্জ থানায় নিয়ে যায়।
এদিকে সৌদি প্রবাসী তার বাবার সহযোগিতায় এ ঘটনায় মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।
মাহিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাইদুল ইসলাম জানান, ঘটনাটি জানার পর দুজনকে থানায় আনা হয়েছিল। পরে সংশ্লিষ্ট পুলিশ সদস্যকে রিজার্ভ ফোর্স ইউনিটে হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় তদন্ত শেষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।