সারাদেশ
লালমনিরহাটে মাদক মামলায় গ্রেপ্তার ইউনিয়ন ছাত্রদল সভাপতি
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা একটি মামলায় ভেলাবাড়ী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি খোকন মিয়াকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে উপজেলার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া খোকন মিয়া আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের পূর্ব ভেলাবাড়ী গ্রামের ছকমল হোসেনের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৫ জুন ভেলাবাড়ী বাজার এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনার সময় জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, খোকন মিয়া ও তার সহযোগী হৃদয় মোটরসাইকেলে করে ট্যাপেন্টাডল ট্যাবলেট নিয়ে বাজারের দিকে আসছেন। পরে উপজেলার ধনীটারী এলাকায় তাদের মোটরসাইকেলের গতি থামানোর চেষ্টা করলে চালক খোকন মিয়া পালিয়ে যান।
এ সময় ঘটনাস্থল থেকে হৃদয়কে ১০০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং একটি মোটরসাইকেলসহ আটক করা হয়। এ ঘটনায় একই দিন আদিতমারী থানায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।
এরপর বৃহস্পতিবার অভিযান চালিয়ে খোকন মিয়াকে গ্রেপ্তার করে আদিতমারী থানা পুলিশ।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন লালমনিরহাট জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রওশন কবির।