সারাদেশ

রংপুরে ৪ হত্যা: ছোট ছেলেকেও হত্যার কারণ জানালেন আসামি সিদ্ধার্থ


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ০৬:২০ পিএম

রংপুরে ৪ হত্যা: ছোট ছেলেকেও হত্যার কারণ জানালেন আসামি সিদ্ধার্থ
ছবি: সংগৃহীত

রংপুরে অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী, ছেলে ও মেয়েকে হত্যার ঘটনায় আরও চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে দেওয়া জবানবন্দিতে হত্যাকাণ্ডের পরের ঘটনাগুলো তুলে ধরেছেন গ্রেপ্তার আসামি সিদ্ধার্থ।

তদন্ত কর্মকর্তাদের কাছে সিদ্ধার্থ জানান, গণপতি চক্রবর্তী, তার স্ত্রী ও মেয়েকে ছাদে হত্যার পর তিনি ও মুগ্ধ দাস নিচের কক্ষে নেমে আসেন। তখন ভোর হয়ে গিয়েছিল। এ সময় ছোট ছেলে আয়ুশ চক্রবর্তী প্রিয়ম ঘুম থেকে উঠে বিছানায় বসে ছিল। সিদ্ধার্থকে চিনে ফেলায় তাকেও হত্যা করা হয়।

এরপর বাড়িতে সিসি ক্যামেরা থাকার আশঙ্কায় নিচতলায় গিয়ে একটি পুরোনো প্লাস দিয়ে বৈদ্যুতিক মিটারের তার কেটে দেন সিদ্ধার্থ। এতে শর্ট সার্কিট হয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এ সময় মুগ্ধ দাস ওপরের তলায় ছিলেন বলে তদন্ত কর্মকর্তাদের জানান সিদ্ধার্থ।

মহানগর গোয়েন্দা পুলিশের উপপুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী গণমাধ্যমকে বলেন, হত্যাকাণ্ডের পর অভিযুক্তরা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেন। এ সময় শর্ট সার্কিট হয়ে মেইন লাইন বিচ্ছিন্ন হয়ে যায়।

তিনি আরও জানান, স্থানীয়দের সহযোগিতায় সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সিদ্ধার্থ ও মুগ্ধ দাসকে আটক করা হয়েছে। এ ঘটনায় বাইরে থেকে নানা ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর চেষ্টা চলছে বলেও উল্লেখ করেন তিনি।

সনাতন চক্রবর্তী বলেন, অভিযুক্তরা পুলিশের কাছে কিছু বিষয় গোপন করলেও আদালতে পুরো ঘটনার বর্ণনা দিয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাই বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই। পুলিশ সঠিকভাবেই তদন্ত কার্যক্রম পরিচালনা করছে এবং দ্রুততম সময়ের মধ্যে অভিযোগপত্র দেওয়া সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।