সারাদেশ

সাংবাদিকের বাড়িতে তল্লাশি ও হুমকি, রৌমারীতে এসিল্যান্ডের বরখাস্তের দাবিতে মানববন্ধন


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ পিএম

সাংবাদিকের বাড়িতে তল্লাশি ও হুমকি, রৌমারীতে এসিল্যান্ডের বরখাস্তের দাবিতে মানববন্ধন
ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের রৌমারী উপজেলার বিতর্কিত সহকারী কমিশনার (ভূমি) রাফিউর রহমানের বিরুদ্ধে সাংবাদিকের বাড়িতে বেআইনি তল্লাশি, হুমকি ও অসৌজন্যমূলক আচরণের অভিযোগ উঠেছে। এসব অভিযোগের প্রতিবাদে তাকে বরখাস্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন উপজেলার স্থানীয় সাংবাদিকরা।

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে রৌমারী উপজেলা পরিষদ সংলগ্ন রৌমারী-ঢাকা মহাসড়কে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন। এ সময় তারা অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত করে দ্রুত প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

সাংবাদিকদের অভিযোগ, গত ২ সেপ্টেম্বর সন্ধ্যায় জমির নামজারি বাতিল-সংক্রান্ত অনিয়মের বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) রাফিউর রহমানকে মুঠোফোনে প্রশ্ন করেন দৈনিক মানবজমিনের রৌমারী উপজেলা প্রতিনিধি রফিকুল ইসলাম সাজু। এ সময় ওই কর্মকর্তা সাংবাদিকের প্রশ্নে ক্ষিপ্ত হয়ে ওঠেন বলে অভিযোগ করেন তিনি।

এর পরদিন ৩ সেপ্টেম্বর সকাল ১১টার দিকে পুলিশ ও আনসার সদস্যদের সঙ্গে নিয়ে সাংবাদিক রফিকুল ইসলাম সাজুর বাড়িতে তল্লাশি চালানো হয়। সাংবাদিকদের দাবি, এ তল্লাশি অভিযানের সঙ্গে আগের দিনের ফোনালাপ ও নামজারি-সংক্রান্ত বিষয়ে প্রশ্ন করার ঘটনার যোগসূত্র রয়েছে। তবে তল্লাশির বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এ ঘটনার পর বিষয়টি জানতে দৈনিক কালবেলার রৌমারী প্রতিনিধি সাখাওয়াত হোসেন মুঠোফোনে সহকারী কমিশনার (ভূমি) রাফিউর রহমানের সঙ্গে যোগাযোগ করেন। সাংবাদিকদের দাবি, এ সময় তিনিও ওই কর্মকর্তার রোষানলের শিকার হন। ফোনালাপের একপর্যায়ে সাংবাদিক সাখাওয়াত হোসেনকে উদ্দেশ্য করে রাফিউর রহমান বলেন, ‘তোকে গুম করা হবে, মামলা দেওয়া হবে, নাকি হত্যা করা হবে-তা সময় বলে দেবে।’

এ ধরনের বক্তব্যকে সরাসরি হুমকি হিসেবে উল্লেখ করে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় সাংবাদিকরা। তাদের অভিযোগ, একজন সরকারি কর্মকর্তার কাছ থেকে সাংবাদিককে গুম ও হত্যার মতো হুমকি পাওয়া অত্যন্ত উদ্বেগজনক এবং এটি স্বাধীন সাংবাদিকতার পরিবেশের জন্য মারাত্মক হুমকি।

মানববন্ধনে বক্তারা বলেন, সহকারী কমিশনার (ভূমি) রাফিউর রহমানের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষকে হয়রানি, অসৌজন্যমূলক আচরণ এবং ঘুষ ছাড়া সেবা না দেওয়ার অভিযোগ রয়েছে। ভূমি অফিসে সেবা নিতে আসা মানুষকে বিভিন্নভাবে হয়রানি করা হয় বলেও অভিযোগ করেন তারা। এসব অভিযোগের সুষ্ঠু তদন্তের পাশাপাশি সাংবাদিকের বাড়িতে তল্লাশি ও সাংবাদিকদের হুমকি দেওয়ার ঘটনায় দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান বক্তারা।

বক্তারা আরও বলেন, একজন সাংবাদিক কোনো সরকারি কর্মকর্তার অনিয়মের বিষয়ে প্রশ্ন করতেই পারেন। সাংবাদিকের প্রশ্নের জবাব দেওয়ার পরিবর্তে তার বাড়িতে পুলিশ ও আনসার সদস্য নিয়ে তল্লাশি চালানো এবং পরবর্তী সময়ে আরেক সাংবাদিককে গুম ও হত্যার হুমকি দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ঘটনায় নিরপেক্ষ তদন্ত করে অভিযুক্ত কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার বা বরখাস্ত এবং তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

মানববন্ধন থেকে সাংবাদিকরা হুঁশিয়ারি দিয়ে বলেন, অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে তারা বৃহত্তর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবেন। একই সঙ্গে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং দায়িত্ব পালনে প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতার দাবি জানান তারা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক কাইউম আজাদ বাবুল, দৈনিক মানবজমিনের রৌমারী উপজেলা প্রতিনিধি রফিকুল ইসলাম সাজু, আলতাফ হোসেন সরকার, মিজানুর রহমান মিনু, আবু সাঈদ কাকন, দৈনিক কালবেলার রৌমারী প্রতিনিধি সাখাওয়াত হোসেন, জাকির হোসেনসহ স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।