সারাদেশ

আবাসিক হোটেলে অনৈতিক কার্যকলাপের অভিযোগে আটক ৯


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৫, ০৩:৩৬ পিএম

আবাসিক হোটেলে অনৈতিক কার্যকলাপের অভিযোগে আটক ৯
আবাসিক হোটেলে অনৈতিক কার্যকলাপের অভিযোগে আটক ৯। ছবি: সংগৃহীত

সিলেট নগরীর দুটি আবাসিক হোটেলে অনৈতিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে ৯ জন নারী ও পুরুষকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত পৃথক অভিযানে তাদের আটক করা হয়।

সোমবার (২৫ আগস্ট) দুপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (গণমাধ্যম) মো. সাইফুল ইসলাম।

ডিবি সূত্রে জানা গেছে, গত ২৩ আগস্ট বিকেল পৌনে ৩টার দিকে নগরীর ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল রোডে অবস্থিত একটি আবাসিক হোটেল ‘বাধান’-এ অভিযান চালানো হয়। অভিযানে হোটেল কর্তৃপক্ষের সহযোগিতায় অনৈতিক কাজে লিপ্ত থাকার অভিযোগে পাঁচজনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন হোটেলের ম্যানেজার জামাল মিয়া (৩২), মাইন উদ্দিন (২০), তাহলিল আহমেদ (২৩), মাহি আক্তার (২৫) ও কলি বেগম (২৩)।

এর প্রায় দুই ঘণ্টা পর, বিকেল পৌনে ৫টার দিকে নগরীর হুমায়ুন রশীদ চত্বর এলাকার আরেকটি হোটেল ‘ঢাকা প্যালেস’-এ অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। সেখান থেকেও অনৈতিক কার্যকলাপের অভিযোগে আরও চারজনকে আটক করা হয়। তারা হলেন আসাদুজ্জামান (২৬), ফাহিম আহমদ (২৬), জান্নাতুল ফেরদৌস (২৫) এবং মনি আক্তার (১৯)।

অভিযানের সময় আটককৃতদের কাছ থেকে কিছু আলামতও জব্দ করা হয়েছে বলে জানিয়েছে ডিবি। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

এ বিষয়ে পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম বলেন, আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।