সারাদেশ

সিলেটে ৩ মিনিটের বক্তব্যে বাণিজ্যমন্ত্রীকে ৮৬ বার ‘স্যার’ বললেন কৃষি কর্মকর্তা


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ০৫:২৯ পিএম

সিলেটে ৩ মিনিটের বক্তব্যে বাণিজ্যমন্ত্রীকে ৮৬ বার ‘স্যার’ বললেন কৃষি কর্মকর্তা
ছবি: সংগৃহীত

সিলেটে এক সরকারি অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরকে উদ্দেশ করে মাত্র তিন মিনিটের বক্তব্যে ৮৬ বার ‘স্যার’ সম্বোধন করেছেন সিলেট সদর উপজেলার কৃষি কর্মকর্তা মোহাম্মদ শওকত জামিল।

শুক্রবার (৩ জুলাই) বিকেলে সিলেট সদর উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত বহুমুখী সরকারি অনুদান, পুরস্কার ও বিভিন্ন সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দিতে গিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত প্রায় প্রতিটি বাক্যেই তিনি মন্ত্রীকে ‘স্যার’ বলে সম্বোধন করেন।

প্রায় তিন মিনিটের ওই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। নেটিজেনদের মধ্যে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই একে অতিরিক্ত তোষামোদ হিসেবে আখ্যা দিয়েছেন, আবার কেউ সরকারি কর্মকর্তাদের বক্তব্য উপস্থাপনের ধরন ও প্রাতিষ্ঠানিক সংস্কৃতি নিয়েও প্রশ্ন তুলেছেন।

এ বিষয়ে কৃষি কর্মকর্তা মোহাম্মদ শওকত জামিল বলেন, তিন মিনিটের বক্তব্যে ‘স্যার’ শব্দটি বারবার বলা কোনো পরিকল্পিত বিষয় নয়, বরং এটি তার দীর্ঘদিনের অভ্যাস ও শ্রদ্ধাবোধের বহিঃপ্রকাশ। তিনি জানান, সিনিয়র ও অগ্রজদের প্রতি সম্মান জানাতে তিনি সবসময় এভাবেই সম্বোধন করে থাকেন।

তিনি আরও বলেন, বক্তব্য দেওয়ার সময় অভ্যাসবশত ‘স্যার’ শব্দটি বেশি এসেছে, এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য ছিল না।