সারাদেশ
সিলেটে টানটান উত্তেজনা, মোতায়েন করা হয়েছে ৫ প্লাটুন বিজিবি
হবিগঞ্জে ছাত্রদল ও জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনার প্রভাব এবার সিলেটেও পড়েছে। জাতীয় নাগরিক পার্টির পদযাত্রাকে কেন্দ্র করে জেলার পাঁচটি উপজেলায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হওয়ায় নিরাপত্তা জোরদারে পাঁচ প্লাটুন সীমান্তরক্ষী বাহিনী মোতায়েন করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অভিযান) জাকির হোসাইন।
সূচি অনুযায়ী, বৃহস্পতিবার ও শুক্রবার ওসমানীনগর, জৈন্তাপুর, কানাইঘাট, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলায় পদযাত্রা ও সমাবেশ করবে জাতীয় নাগরিক পার্টি। বৃহস্পতিবার বিকেল তিনটায় কানাইঘাট এবং সন্ধ্যা সাতটায় ওসমানীনগরে কর্মসূচি অনুষ্ঠিত হবে। শুক্রবার বিকেল তিনটায় কোম্পানীগঞ্জ, বিকেল পাঁচটায় গোয়াইনঘাট এবং সন্ধ্যা সাতটায় জৈন্তাপুরে পদযাত্রা শেষে সমাবেশের আয়োজন করা হয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পাঁচটি উপজেলায় সীমান্তরক্ষী বাহিনী মোতায়েনের জন্য এর আগে জেলা প্রশাসনকে চিঠি দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সেই চিঠির পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার ও শুক্রবার বাহিনী মোতায়েনের আবেদন করা হয় বলে জানিয়েছেন সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন।
সিলেটের সহকারী পুলিশ সুপার (গণমাধ্যম) সম্রাট তালুকদার জানান, পদযাত্রাকে কেন্দ্র করে পোশাকধারী ও সাদা পোশাকের পর্যাপ্ত পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। পাশাপাশি পাঁচ প্লাটুন সীমান্তরক্ষী বাহিনীও মোতায়েন থাকবে।
তিনি আরও জানান, কয়েকটি স্থানে সূর্যাস্তের পর কর্মসূচি থাকায় এবং সীমান্তবর্তী এলাকায় সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
জাতীয় নাগরিক পার্টির সিলেট মহানগরের আহ্বায়ক আইনজীবী আব্দুর রহমান আফজল বলেন, বৃহস্পতিবার সকাল ১১টায় গোলাপগঞ্জে শহীদ পরিবারের সদস্যদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। এতে দলের কেন্দ্রীয় নেতারা অংশ নেবেন। পরে কানাইঘাট ও ওসমানীনগরে এবং শুক্রবার কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুরে পর্যায়ক্রমে পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হবে।