সারাদেশ

বন্ধুদের নিয়ে চায়ের দোকানে এইচএসসির খাতা মূল্যায়ন, শিক্ষক আটক


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ০৩:২৪ পিএম

বন্ধুদের নিয়ে চায়ের দোকানে এইচএসসির খাতা মূল্যায়ন, শিক্ষক আটক
ছবি: সংগৃহীত

সিলেটে চায়ের দোকানে বসে বন্ধুদের নিয়ে এইচএসসি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের অভিযোগে এক কলেজ শিক্ষককে আটক করা হয়েছে। এ ঘটনায় বিপুল পরিমাণ খাতা জব্দ করেছে সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।

শনিবার (১ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসংলগ্ন একটি চা দোকানে এ ঘটনা ঘটে। এর আগে রাত সাড়ে ১০টার দিকে ওই শিক্ষককে সেখানে বসে বাংলা দ্বিতীয় পত্রের খাতা মূল্যায়ন করতে দেখা যায়। তার সঙ্গে থাকা আরও দুজনকেও উত্তরপত্র পর্যালোচনা করতে দেখা গেছে।

অভিযুক্ত শিক্ষক ইকবাল হোসেন সোহান, তিনি সিলেটের মেট্রোসিটি ওমেন্স কলেজের প্রভাষক এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের সাবেক শিক্ষার্থী।

স্থানীয় সূত্র জানায়, চা দোকানে বসেই চালের বস্তায় রাখা খাতা থেকে উত্তরপত্র বের করে মূল্যায়ন করছিলেন তিনি ও তার সঙ্গীরা। বিষয়টি জানাজানি হলে শিক্ষা বোর্ডের কর্মকর্তারা পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌঁছে খাতাগুলো জব্দ করেন।

পরে অভিযুক্ত শিক্ষককে জালালাবাদ থানায় নেওয়া হয়। এ ঘটনায় শিক্ষা বোর্ডের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুল হাবিব জানান, শিক্ষা বোর্ডের কর্মকর্তারা অভিযুক্ত শিক্ষককে থানায় নিয়ে আসেন এবং তাদের উপস্থিতিতে জিডি করা হয়। উত্তরপত্রগুলো শিক্ষা বোর্ডের হেফাজতে থাকায় আইনগত প্রক্রিয়া শেষে শিক্ষককে বোর্ডের কর্মকর্তাদের কাছেই হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক বিলকিস ইয়াসমিন বলেন, জনবহুল স্থানে বসে উত্তরপত্র মূল্যায়নের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে। ঘটনাস্থল থেকে খাতাগুলো জব্দ করা হয়েছে এবং পুরো বিষয়টি নথিভুক্ত করা হয়েছে।

তিনি আরও জানান, পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের ক্ষেত্রে নির্ধারিত নিয়ম ও নির্দেশনা রয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং প্রমাণ মিললে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।