বিশেষ প্রতিবেদন

জনস্বাস্থ্যের টাকায় ‘ব্যক্তিগত উন্নয়ন’: পিডি তবিবুরের বিপুল সম্পদের পাহাড়!


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৫ জুন ২০২৬, ০৯:০২ পিএম

জনস্বাস্থ্যের টাকায় ‘ব্যক্তিগত উন্নয়ন’: পিডি তবিবুরের বিপুল সম্পদের পাহাড়!
পিডি তবিবুরের বিপুল সম্পদের পাহাড়। ছবি: সংগৃহীত

নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিত করার দায়িত্বপ্রাপ্ত সরকারি প্রতিষ্ঠানের একজন শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে যদি অনিয়ম, দুর্নীতি এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ ওঠে, তবে স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে-উন্নয়ন প্রকল্পের অর্থ কতটা জনগণের কল্যাণে ব্যয় হচ্ছে।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকল্প পরিচালক তবিবুর রহমান তালুকদারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। অভিযোগকারীদের দাবি, সরকারি প্রকল্পের ক্ষমতার অপব্যবহার করে তিনি বিপুল পরিমাণ সম্পদের মালিক হয়েছেন। এসব সম্পদের বেশিরভাগই স্ত্রী ও পরিবারের সদস্যদের নামে গড়ে তোলা হয়েছে বলে অভিযোগ রয়েছে।

অনুসন্ধানে জানা যায়, রাজধানীর ধানমন্ডি ৪/এ সড়কের ক্রিডেন্স লেক প্যানোরামা ভবনের দ্বিতীয় তলায় তবিবুর রহমানের পরিবারের বসবাস। ভবনটির নিরাপত্তারক্ষীর সঙ্গে কথা বলে জানা যায়, তিনি যে ফ্ল্যাটে বসবাস করেন তার বর্তমান বাজারমূল্য প্রায় ৭ থেকে সাড়ে ৭ কোটি টাকা।

প্রকল্প পরিচালক তবিবুর রহমান তালুকদারের সরাসরি সাক্ষাৎকার পাওয়া না গেলেও মুঠোফোনে কথা হয় তার স্ত্রী নাসিমা আক্তারের সঙ্গে। তিনি প্রতিবেদকের কোনো প্রশ্নের উত্তর দিতে অনাগ্রহ প্রকাশ করেন।

এদিকে ঢাকা মেট্রো-ঘ ১২-৭৩৬৭ নম্বরের একটি হোন্ডা সিআর-ভি (Honda CR-V) গাড়ির তথ্য অনুসন্ধান করে দেখা যায়, গাড়িটির বর্তমান বাজারমূল্য প্রায় অর্ধকোটি টাকার বেশি। গাড়িটির ঠিকানা হিসেবে ব্যবহার করা হয়েছে ধানমন্ডি ৯/এ এলাকার নাভানা ডেল ইভান্তে ভবনের ৬-বি নম্বর ফ্ল্যাট।

সেখানে গিয়ে জানা যায়, একজন নারী তার দুই পুত্রসন্তান নিয়ে ওই বাসায় বসবাস করেন। ভবনের নিরাপত্তারক্ষী জানান, প্রকল্প পরিচালক তবিবুর রহমান তালুকদার নিয়মিত ওই বাসায় যাতায়াত করেন।

প্রযুক্তির সহায়তায় ওই নারীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি নিজেকে তবিবুর রহমানের স্ত্রী হিসেবে পরিচয় দেন। নিজের নাম ‘রেটি’ বলে উল্লেখ করলেও স্বামীর বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

অন্যদিকে ট্রুকলার অ্যাপের মাধ্যমে ‘অনন্যা’ নামের আরও এক নারীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রথমে তবিবুর রহমানকে না চেনার দাবি করেন। তবে পরে হোয়াটসঅ্যাপে প্রতিবেদকের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি নিয়ে সমঝোতার অনুরোধ জানান বলে জানা যায়।

সিরাজগঞ্জের কাজীপুর উপজেলায় জন্মগ্রহণ করলেও নিজ এলাকায় তেমন কোনো দৃশ্যমান সম্পদ না থাকলেও জেলা শহরে তার বিপুল বিনিয়োগের তথ্য পাওয়া গেছে। অনুসন্ধানে সিরাজগঞ্জ শহরের বিভিন্ন ব্যক্তি ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, তবিবুর রহমান ঠিকাদার নিয়োগ ও কাজ বণ্টনের ক্ষেত্রে নিজের পছন্দের ব্যক্তিদের অগ্রাধিকার দিতেন বলে অভিযোগ রয়েছে।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কয়েকজন কর্মচারীও নাম প্রকাশ না করার শর্তে জানান, প্রকৌশলী তবিবুর রহমান বিভিন্ন প্রকল্পের কাজ নিজ পছন্দের ঠিকাদারদের পাইয়ে দিতেন।

সিরাজগঞ্জ শহরে তার একটি বিলাসবহুল বহুতল বাড়ির সন্ধান পাওয়া যায়। স্থানীয় সূত্র ও ভবনের দারোয়ানের দাবি অনুযায়ী, বাড়িটি তবিবুর রহমানের মালিকানাধীন। লিফট সুবিধাসম্পন্ন ছয়তলা ভবনটিতে আধুনিক নির্মাণশৈলী, উন্নত মানের ফিটিংস এবং নিজস্ব বিদ্যুৎব্যবস্থা রয়েছে।

স্থানীয়দের দাবি, স্ত্রী নাসিমা আক্তারের নামে থাকা জমির ওপর নির্মিত এ ভবন নির্মাণে প্রায় ১৬ কোটি টাকা ব্যয় হয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী, সিরাজগঞ্জ শহরে এ ধরনের আধুনিক ও ব্যয়বহুল বাড়ি খুব কমই দেখা যায়।

স্থানীয় এক ব্যক্তি জানান, তার জানা মতে তবিবুর রহমানের চারজন স্ত্রী রয়েছেন। যদিও এ বিষয়ে কোনো সরকারি নথি বা স্বাধীনভাবে যাচাই করা তথ্য পাওয়া যায়নি।

আরেকজন স্থানীয় বাসিন্দার অভিযোগ, তবিবুর রহমান তাদের কাছ থেকে প্রায় ৭ শতাংশ জমি ক্রয় করেন। পরে জমির পরিমাণ নিয়ে জটিলতা তৈরি হয় এবং একাধিক দলিল সম্পাদনের মাধ্যমে অতিরিক্ত জমি ভোগদখলের অভিযোগ ওঠে।

এদিকে অনুসন্ধানী প্রতিবেদনটি প্রকাশ ঠেকাতে রাজধানীর ধানমন্ডির স্টার কাবাব ও হারফি রেস্টুরেন্টে প্রতিবেদকের সঙ্গে দুই দফা বৈঠক করে আর্থিক সুবিধা দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল বলে অভিযোগ রয়েছে। অভিযোগ অনুযায়ী, এই প্রস্তাব সরাসরি তবিবুর রহমান তালুকদারের পক্ষ থেকেই দেওয়া হয়।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের একজন গুরুত্বপূর্ণ প্রকল্প পরিচালকের বিরুদ্ধে যখন একের পর এক অনিয়ম, ক্ষমতার অপব্যবহার, সম্পদের অসঙ্গতি এবং প্রভাব খাটানোর অভিযোগ সামনে আসে, তখন জনমনে স্বাভাবিকভাবেই প্রশ্ন দেখা দেয়-জনগণের কল্যাণে বরাদ্দ উন্নয়ন তহবিলের অর্থ কতটা সঠিকভাবে ব্যবহৃত হচ্ছে এবং এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কী পদক্ষেপ নেবে।

সূত্র: দেশটিভি