খেলা

প্রথমবারের মতো আইএল টি-২০তে দল পেলেন মুস্তাফিজ


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৫, ০৬:০৫ পিএম

প্রথমবারের মতো আইএল টি-২০তে দল পেলেন মুস্তাফিজ
মোস্তাফিজুর রহমান। ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো ইন্টারন্যাশনাল লিগ (আইএল) টি-টোয়েন্টিতে দল পেলেন টাইগার পেসার মোস্তাফিজুর রহমান। সংযুক্ত আরব আমিরাতের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে এবার দুবাই ক্যাপিটালসের হয়ে মাঠে নামবেন কাটার মাস্টার।

দলের ইংলিশ পেসার লুক উড চোটের কারণে ছিটকে পড়ায়, তার জায়গায় মোস্তাফিজকে দলে ভেড়ানোর সিদ্ধান্ত নেয় দুবাই ক্যাপিটালস। মঙ্গলবার (১২ আগস্ট) বিষয়টি নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।

mustafiz1_Dhakaprokash.jpg

সাধারণত জানুয়ারি-ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হলেও, আইএলটি-২০-এর চতুর্থ আসর এবার কিছুটা এগিয়ে আসছে। আগামী ২ ডিসেম্বর মাঠে গড়াবে আসর, চলবে ২০২৬ সালের ৪ জানুয়ারি পর্যন্ত। নিলাম হবে ৩০ সেপ্টেম্বর, কিন্তু তার আগেই ফ্র্যাঞ্চাইজি নিশ্চিত করলো মোস্তাফিজকে।

এ নিয়ে বিশ্বের পাঁচটি দেশের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অভিজ্ঞতা হয়ে গেল ফিজের। এর আগে আইপিএলে তিনি খেলেছেন সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস, চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিটালসের হয়ে। এছাড়া খেলেছেন লঙ্কা প্রিমিয়ার লিগে ডাম্বুলা সিক্সার্সের হয়ে, পাকিস্তান সুপার লিগে লাহোর কালান্দার্সের হয়ে এবং ইংল্যান্ডের ভাইটালিটি ব্লাস্টে সাসেক্সের জার্সিতে।

নিজের কাটার, স্লোয়ার আর উইকেট শিকারী বোলিং দিয়ে ইতোমধ্যেই বিশ্বজুড়ে পরিচিত হয়ে উঠেছেন মোস্তাফিজ। এবার মরুর দেশে সেই পরিচয় আরও একধাপ উঁচুতে নেওয়ার সুযোগ পেলেন তিনি।