খেলা

রুবাবাকে নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট, সমালোচনার মুখে পোস্ট ডিলিট করলেন অভিনেতা ইরফান


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৫, ০৩:০৩ পিএম

রুবাবাকে নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট, সমালোচনার মুখে পোস্ট ডিলিট করলেন অভিনেতা ইরফান
রুবাবা দৌলাকে নিয়ে ফেসবুক পোস্ট দিলেন অভিনেতা ইরফান সাজ্জাদ। ছবি: সংগৃহীত

করপোরেট ব্যক্তিত্ব ও নারী ক্রীড়া সংগঠক রুবাবা দৌলা সম্প্রতি জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত হয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন।

সোমবার (৩ নভেম্বর) অনুষ্ঠিত বিসিবির প্রথম বোর্ড সভায় নতুন পরিচালক হিসেবে যোগ দেন তিনি।

তবে রুবাবার এ পদপ্রাপ্তিকে ঘিরে এক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্ট ঘিরে বিতর্কের সৃষ্টি হয়। জনপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদ রুবাবা দৌলার ছবি ফেসবুকে পোস্ট করে ক্যাপশনে লেখেন, “এরপরও যদি পোলাপান পারফরম্যান্স না করতে পারে তাহলে আর আশা নাই।”

পোস্টটি প্রকাশের পর মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। অনেকেই অভিনেতার এই মন্তব্যকে ‘কুরুচিপূর্ণ ও যৌন ইঙ্গিতপূর্ণ’ হিসেবে অভিহিত করেন।

বিশেষ করে নারী অধিকারকর্মী ও ফেসবুক ব্যবহারকারী তুনাজ্জিনা সিকদার তুনা নিজের প্রোফাইলে ইরফানের পোস্টের স্ক্রিনশট প্রকাশ করে তীব্র প্রতিবাদ জানান। তিনি লেখেন, “জনাব ইরফান সাজ্জাদ, দয়া করে আপনার সংবাদ উপস্থাপিকা স্ত্রী এবং নিজের কোনো বোনকে (যদি থাকে) জিজ্ঞেস করবেন, তারা তাদের কর্মক্ষেত্রে আপনার এই ধরনের মন্তব্য শুনে কতটা স্বাচ্ছন্দ্যবোধ করবেন? রসিকতা ও নোংরামির মধ্যে পার্থক্য আছে। আপনার এই বক্তব্য সভ্য সমাজের দৃষ্টিতে নোংরামি।”

তিনি আরও যোগ করেন, “আপনি জনসম্মুখে এই শব্দচয়নের জন্য ক্ষমা চাইবেন এবং ভবিষ্যতে কোনো নারীকেই এভাবে যৌনভাবে অবমাননা করবেন না।”

তীব্র সমালোচনার মুখে পোস্টটি পরে নিজেই ডিলিট করেন অভিনেতা ইরফান সাজ্জাদ। সমালোচনার জবাবে তিনি নিজের মন্তব্যে লিখেছেন,  “আপনি আমাকে কতটা চেনেন জানি না। আমি একজন সাধারণ মানুষ, আর বাংলাদেশ ক্রিকেটের বড় ভক্ত। আমি সবসময় ক্রিকেটের পারফরম্যান্স নিয়ে সার্কাজম করি-এই পোস্টটিও তেমনই ছিল। রুবাবা আপু আমার ক্রাশ, আমি তাকে স্বাগত জানাই। আমি শুধু বলতে চেয়েছি-এত মেধাবী ও সুন্দর একজন মানুষ বিসিবিতে যুক্ত হয়েছেন, তারপরও যদি ক্রিকেটাররা পারফর্ম না করে, তাহলে সেটি হতাশার।”

পরে নিজের পোস্ট মুছে দিয়ে ইরফান আরও লিখেছেন, “অনেকে ভুল বুঝেছে, তাই আমি পোস্টটি সরিয়ে নিচ্ছি। পাবলিক তো পাবলিক-যাই পোস্ট করি, কেউ না কেউ উল্টোপাল্টা বুঝবেই।”

এ ঘটনার পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ইরফানের এই আচরণ নিয়ে সমালোচনার ঝড় বইছে। অনেকে বলছেন, জনপ্রিয় মুখ হিসেবে তার উচিত ছিল কথাবার্তায় আরও সংযমী হওয়া, কারণ এমন পোস্ট নারীদের প্রতি নেতিবাচক বার্তা দিতে পারে।

অন্যদিকে কিছু অনুসারী মন্তব্য করেছেন, ইরফান হয়তো রসিকতা করতে চেয়েছিলেন, তবে তার শব্দচয়ন ছিল “অসংবেদনশীল ও অপ্রাসঙ্গিক”।

বর্তমানে পোস্টটি মুছে ফেলা হলেও বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনার রেশ এখনো চলছে।