খেলা

ঢাকা ক্যাপিটালসের মেন্টরের দায়িত্বে শোয়েব আখতার


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৫, ০৩:৫৩ পিএম

ঢাকা ক্যাপিটালসের মেন্টরের দায়িত্বে শোয়েব আখতার
ছবি: সংগৃহীত

আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নতুন আসরকে সামনে রেখে চমক দিল ঢাকা ক্যাপিটালস। দলের মেন্টর হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন পাকিস্তানের ক্রিকেট ইতিহাসের অন্যতম দ্রুতগতির পেসার শোয়েব আখতার।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) ফ্র্যাঞ্চাইজিটির অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক ঘোষণায় বিষয়টি নিশ্চিত করা হয়।

গত মৌসুমেই বিপিএল যাত্রা শুরু করেছিল ঢাকা ক্যাপিটালস। অভিষেক আসরে দলের মেন্টর ছিলেন পাকিস্তানের সাবেক অফ স্পিনার সাঈদ আজমল। এবার আরও অভিজ্ঞতা ও আক্রমণাত্মক মানসিকতা যোগ করার লক্ষ্যে দলটি বেছে নিয়েছে ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’কে।

shoaib_akhter1_Dhakaprokash.jpg

ক্রিকেট জীবনে ভয়ংকর গতির জন্য বিশ্বব্যাপী পরিচিত ছিলেন শোয়েব আখতার। আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর পর কোচিংয়ের আগ্রহ প্রকাশ করলেও পাকিস্তান বা ভারতীয় জাতীয় দল, এমনকি আইপিএলের কলকাতা নাইট রাইডার্সসহ কোনো দলেই শেষ পর্যন্ত কোচ হিসেবে যুক্ত হওয়া হয়নি তার। তবে বিশ্লেষক হিসেবে টিভি অনুষ্ঠান এবং নিজের ইউটিউব চ্যানেলে নিয়মিতই ক্রিকেট বিষয়ক মতামত দিয়ে ভক্তদের কাছে জনপ্রিয়তা ধরে রেখেছেন তিনি।

অন্যদিকে, নতুন মৌসুমকে সামনে রেখে দল গঠনে ব্যস্ত সময় পার করছে ঢাকা ক্যাপিটালস। সরাসরি চুক্তিতে তারা স্কোয়াডে যুক্ত করেছে জাতীয় দলের পেস সেনসেশন তাসকিন আহমেদ এবং ব্যাটার সাইফ হাসানকে। বিদেশি কোটায় দলে টানা হয়েছে ইংলিশ ওপেনার অ্যালেক্স হেলস এবং পাকিস্তানি ব্যাটার উসমান খানকে।

শোয়েব আখতারের যুক্ত হওয়ায় দলে নতুন উদ্দীপনা আসবে বলে আশাবাদী ক্যাপিটালস সমর্থকেরা। নতুন পরিকল্পনা ও অভিজ্ঞ মেন্টরের নির্দেশনায় কেমন পারফরম্যান্স উপহার দেয় ঢাকা ক্যাপিটালস, এখন সেদিকেই নজর ক্রিকেটপ্রেমীদের।