খেলা

সুযোগ পেলে বিসিবি সভাপতি হতে চান তামিম ইকবাল


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৩ মার্চ ২০২৬, ০১:৫৬ পিএম

সুযোগ পেলে বিসিবি সভাপতি হতে চান তামিম ইকবাল
সাবেক অধিনায়ক তামিম ইকবাল। ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল জানিয়েছেন, সুযোগ পেলে তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হতে চান। সম্প্রতি একটি পডকাস্টে অংশ নিয়ে দেশের ক্রিকেট প্রশাসনের সর্বোচ্চ দায়িত্ব নেওয়ার আগ্রহ প্রকাশ করেন তিনি।

পডকাস্টে বিসিবি সভাপতি হওয়ার ইচ্ছা আছে কি না—এমন প্রশ্নের জবাবে তামিম বলেন, সুযোগ থাকলে অবশ্যই তিনি এই দায়িত্ব নিতে চান। নিজেকে এই দায়িত্ব পালনের জন্য যোগ্য বলেও মনে করেন তিনি।

তামিম বলেন, “আমি মনে করি আমার সেই সামর্থ্য আছে। একজন সংগঠক হিসেবে অভিজ্ঞতা, বয়স—এসব গুরুত্বপূর্ণ হলেও সবচেয়ে জরুরি হলো ইচ্ছা বা উদ্দেশ্য।”

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে অভিজ্ঞ ব্যক্তিরাই বিসিবি পরিচালনা করেছেন, কিন্তু তাতে খুব বেশি উন্নতি হয়নি বলে তার ধারণা। তাই নতুন চিন্তা ও উদ্যোগের প্রয়োজন রয়েছে বলেও মন্তব্য করেন এই সাবেক অধিনায়ক।

উল্লেখ্য, সর্বশেষ বিসিবি নির্বাচনে সভাপতি পদে লড়াই করার কথা ছিল তামিম ইকবালের। তবে সরকারি হস্তক্ষেপের অভিযোগ তুলে শেষ মুহূর্তে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ান।

২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন তামিম। পরে সেই সিদ্ধান্ত থেকে সরে এসে জাতীয় দলে ফিরে একটি ওয়ানডে ম্যাচ খেললেও শেষ পর্যন্ত বিশ্বকাপ দলে জায়গা হয়নি তার। এরপর থেকে তাকে আর আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যায়নি।