খেলা
বল টেম্পারিং বিতর্কে মুখ খুললেন শাহীন শাহ আফ্রিদি
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) করাচি কিংসের বিপক্ষে বিতর্কিত ম্যাচ হারের পর বল টেম্পারিং ইস্যুতে মুখ খুলেছেন লাহোর কালান্দার্সের অধিনায়ক শাহীন শাহ আফ্রিদি। আম্পায়ারদের সিদ্ধান্তে হতাশা প্রকাশ করলেও বিষয়টি নিয়ে তিনি নিজের অজ্ঞতার কথাই জানিয়েছেন।
রোববার (২৯ মার্চ) গাদ্দাফি স্টেডিয়াম-এ অনুষ্ঠিত ম্যাচে করাচির ইনিংসের শেষ ওভারের আগে বল পরীক্ষা করে আম্পায়াররা এর অবস্থা পরিবর্তনের প্রমাণ পান। এর জেরে লাহোর কালান্দার্সকে পাঁচ রান পেনাল্টি দেওয়া হয়—যা ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।
এই সিদ্ধান্তে শেষ ওভারে করাচির জয়ের লক্ষ্য ১৪ রান থেকে কমে দাঁড়ায় ৯ রানে। এরপর আব্বাস আফ্রিদি টানা বাউন্ডারি হাঁকিয়ে চার উইকেটের রোমাঞ্চকর জয় এনে দেন করাচি কিংসকে।
ম্যাচ শেষে শাহীন বলেন, “আমি বল টেম্পারিং সম্পর্কে কিছুই জানি না। আমরা বিষয়টি নিয়ে আলোচনা করব। পাঁচ রান পেনাল্টি দেওয়া হয়েছে, কিন্তু আমরা কিছু বলতে পারি না।”
তবে আম্পায়ারদের সিদ্ধান্তে হতাশা থাকলেও দলের পারফরম্যান্স নিয়ে ইতিবাচক ছিলেন তিনি। তার মতে, ম্যাচটি ছিল সমানতালে লড়াইয়ের এবং ব্যাটিং ইউনিট ভালোই করেছে। তিনি বলেন, “এটি একটি ভালো ম্যাচ ছিল। আমরা শেষ পর্যন্ত লড়াই করেছি। আমাদের ব্যাটিং খারাপ ছিল না-না হলে করাচি ১৫ ওভারেই ম্যাচ জিতে যেত।”
এদিকে বল টেম্পারিংয়ের অভিযোগ অস্বীকার করেছেন ফখর জামান। ম্যাচ রেফারি রোশান মহানামার আরোপিত অভিযোগের বিষয়ে আরও একটি শুনানি আগামী ৪৮ ঘণ্টার মধ্যে অনুষ্ঠিত হবে।
ম্যাচের চিত্রও ছিল নাটকীয়। ১২৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে করাচি। তবে মাঝের জুটিতে ঘুরে দাঁড়ান মুহাম্মদ ওয়াসিম। শেষ দিকে খুশদিল শাহ ও আজম খানের জুটি ম্যাচে উত্তেজনা ফেরায়।
শেষ ওভারের আগে পেনাল্টির সিদ্ধান্তই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়। যদিও প্রথম বলেই উইকেট তুলে নেন হারিস রউফ, কিন্তু এরপর আব্বাস আফ্রিদির ঝড়ো ব্যাটিংয়ে জয় নিশ্চিত হয়।
উল্লেখ্য, লাহোরের হয়ে মুস্তাফিজুর রহমান চার ওভারে ২০ রান দিয়ে একটি উইকেট নেন। তবে শেষ পর্যন্ত বিতর্কিত সিদ্ধান্তই ম্যাচের ফলাফল নির্ধারণে বড় ভূমিকা রাখে।