খেলা

ভারত সিরিজ অনিশ্চিত, অক্টোবরে আফগানিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, ০৭:২২ পিএম

ভারত সিরিজ অনিশ্চিত, অক্টোবরে আফগানিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ
ছবি: সংগৃহীত

ভারতের বিপক্ষে বাংলাদেশের সেপ্টেম্বরে নির্ধারিত সিরিজ নিয়ে অনিশ্চয়তা থাকলেও আফগানিস্তানের বিপক্ষে অক্টোবরে সিরিজ নিশ্চিত হয়েছে। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় এই সফরে একটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলবে বাংলাদেশ।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফীস বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অক্টোবরে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের একটি টেস্ট ও তিনটি সাদা বলের ম্যাচ রয়েছে। সিরিজের আয়োজক আফগানিস্তান হওয়ায় সীমিত ওভারের ম্যাচগুলোর সূচি ও অন্যান্য বিষয় তারা চূড়ান্ত করবে।

গত বছর সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল বাংলাদেশ। টি-টোয়েন্টি সিরিজে আফগানিস্তানকে ধবলধোলাই করেছিল বাংলাদেশ। তবে ওয়ানডে সিরিজে উল্টো বাংলাদেশকেই হোয়াইটওয়াশ হতে হয়েছিল।

এবার ওয়ানডের পাশাপাশি টেস্ট সিরিজও বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। আফগানিস্তান সিরিজের পর দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় বর্তমানে চতুর্থ অবস্থানে থাকা বাংলাদেশের জন্য ধারাবাহিকভাবে ভালো ফল করা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শেষে দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশের। সেখানে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলার সূচি রয়েছে।

এদিকে সেপ্টেম্বরে ভারতের বাংলাদেশ সফর নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। একই সময়ে আফগানিস্তানের বিপক্ষে ভারতের সিরিজ থাকায় বাংলাদেশের বিপক্ষে ভারতের সফরের সূচিতে পরিবর্তন আসতে পারে। ফলে ভারত সিরিজের নতুন সময়সূচির জন্য অপেক্ষা করতে হচ্ছে বাংলাদেশকে।