খেলা

‘ফিলিস্তিনের পেলে’ খ্যাত ফুটবলার সুলেইমান নিহত, সালাহর প্রশ্নে নীরব উয়েফা


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১০ আগস্ট ২০২৫, ০৪:৫৫ পিএম

‘ফিলিস্তিনের পেলে’ খ্যাত ফুটবলার সুলেইমান নিহত, সালাহর প্রশ্নে নীরব উয়েফা
তারকা ফুটবলার মোহাম্মদ সালাহ ও ‘ফিলিস্তিনের পেলে’ খ্যাত সুলেইমান আল ওবেইদ । ছবি: সংগৃহীত

ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন ‘ফিলিস্তিনের পেলে’ খ্যাত ফুটবলার সুলেইমান আল ওবেইদ। গত বুধবার দক্ষিণ গাজা উপত্যকায় মানবিক সহায়তার জন্য অপেক্ষা করার সময় তিনি ইসরায়েলি বাহিনীর হামলার শিকার হন।

লিভারপুলের মিসরীয় তারকা মোহাম্মদ সালাহ সুলেইমানের মৃত্যুর ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন উয়েফার প্রতি। উয়েফা সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ পোস্ট দিয়ে লেখে— ‘বিদায় সুলেইমান আল-ওবেইদ, “ফিলিস্তিনের পেলে”। একজন প্রতিভাবান খেলোয়াড়, যিনি ঘোর দুঃসময়েও অসংখ্য শিশুকে আশা জুগিয়েছেন।’

সেই পোস্ট শেয়ার করে সালাহ প্রশ্ন তোলেন— ‘আপনারা কি বলতে পারেন তিনি কীভাবে, কোথায় এবং কেন মারা গেছেন?’ তবে উয়েফা এখনো তার প্রশ্নের জবাব দেয়নি বা কোনো বিবৃতি দেয়নি।

ফিলিস্তিনের অলিম্পিক কমিটি জানিয়েছে, শুধু জুলাই মাসেই গাজা ও দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলের হামলায় ৪০ জন ফিলিস্তিনি ক্রীড়াবিদ নিহত হয়েছেন।

৪১ বছর বয়সী সুলেইমান আন্তর্জাতিক অঙ্গনে ২৪ ম্যাচে দুটি গোলসহ ক্যারিয়ারে শতাধিক গোল করেছেন। এর আগেও সালাহ গাজায় মানবিক সহায়তা প্রবেশের পক্ষে এবং নিরীহ মানুষ হত্যার বিরুদ্ধে সোচ্চার ছিলেন।

 

sala-2-dakka-Dhaka Prokah News-10-08-2025.jpg
তারকা ফুটবলার মোহাম্মদ সালাহ  ও  ‘ফিলিস্তিনের পেলে’ খ্যাত সুলেইমান আল ওবেইদ । ছবি: সংগৃহীত

উয়েফা নীরব থাকলেও ম্যানচেস্টার ইউনাইটেডের কিংবদন্তি এরিক ক্যান্টোনা সুলেইমান হত্যার নিন্দা জানিয়ে বলেন— ‘সাহায্য পাওয়ার আশায় রাফায় অবস্থান করার সময় ফিলিস্তিন জাতীয় দলের তারকা সুলেইমান আল-ওবেইদকে হত্যা করেছে ইসরায়েল। আমরা তাদের আর কত গণহত্যা করতে দেব? ফিলিস্তিন মুক্ত হোক।’