খেলা

সন্ধ্যায় সাফের ফাইনালে মুখোমুখি বাংলাদেশ-ভারত


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২৮ পিএম

সন্ধ্যায় সাফের ফাইনালে মুখোমুখি বাংলাদেশ-ভারত
ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কার কলম্বোতে আজ সন্ধ্যায় জমে উঠবে দক্ষিণ এশীয় ফুটবলের তরুণদের শ্রেষ্ঠত্বের লড়াই। সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। ভেন্যু- কলম্বোর রেসকোর্স স্টেডিয়াম।

দুই দলই টুর্নামেন্টে এখনো অপরাজিত। মাঠে নামবে অপ্রতিরোধ্য রক্ষণ আর তুখোড় আক্রমণের এক রোমাঞ্চকর দ্বৈরথে।

bdVSInd1_Dhakaprokash.jpg

লাল-সবুজের যুবারা এই টুর্নামেন্টে এখন পর্যন্ত দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে এসেছে। গ্রুপ পর্বে শ্রীলঙ্কা ও নেপালকে একই ব্যবধানে ৪-০ গোলে উড়িয়ে দেয় তারা। প্রতিপক্ষের জালে গোল উৎসবের পাশাপাশি নিজেদের জাল আগলে রাখার কাজটাও করেছে নিখুঁতভাবে।

সেমিফাইনালেও একই দৃশ্য। পাকিস্তানের বিপক্ষে মাত্র পাঁচ মিনিটেই এগিয়ে যায় বাংলাদেশ। এরপর ম্যাচ জুড়ে রক্ষণভাগের দৃঢ়তায় ফাইনালের টিকিট নিশ্চিত করে। তিন ম্যাচে ১২ গোল করেও একটিও হজম করেনি বাংলাদেশ, যা রক্ষণভাগের শ্রেষ্ঠত্বের প্রমাণ।

bdVSInd2_Dhakaprokash.jpg

অন্যদিকে ভারতের শুরুটাও ছিল ঝড়ো। মালদ্বীপের বিপক্ষে ৬-০ গোলের বড় জয় দিয়ে যাত্রা শুরু। এরপর ভুটানের বিপক্ষে ১-০ ব্যবধানে জয় পেলেও পাকিস্তানের সঙ্গে তাদের সেমিফাইনাল অনেক বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়। ম্যাচটি তারা জিতলেও হজম করে দুই গোল যা তাদের রক্ষণের দুর্বলতা দেখিয়ে দেয়। নেপালের বিপক্ষে অবশ্য ফের আগের ছন্দে ফিরেছে ভারত, জিতেছে ৩-০ গোলে।

দুই দলই নিজেদের ফর্ম ও পারফরম্যান্স নিয়ে আত্মবিশ্বাসী। বাংলাদেশ কোচের চোখে, "ছেলেরা মাঠে নিজেদের সেরাটা দিচ্ছে। রক্ষণভাগ অসাধারণ খেলছে, আক্রমণেও ধার রয়েছে। ভারতের বিপক্ষে সুযোগ কাজে লাগাতে পারলে শিরোপা সম্ভব।"

অন্যদিকে ভারতও দারুণ ছন্দে রয়েছে। তারা টুর্নামেন্টে ১৩ গোল করেছে, হজম করেছে মাত্র ২টি। অর্থাৎ, ফাইনালে মাঠে নামছে অপ্রতিরোধ্য রক্ষণে বাংলাদেশ বনাম মারমুখী আক্রমণে ভারত।

চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশের ফুটবল মানেই বাড়তি উত্তেজনা। বয়সভিত্তিক এই আসরেও তার ব্যতিক্রম নয়। আজ সন্ধ্যায় দুই অজেয় দলের মুখোমুখি লড়াইতে চ্যাম্পিয়নের মুকুট উঠবে কার মাথায় তার অপেক্ষায় ফুটবলপ্রেমীরা।