খেলা

বাংলাদেশ-পাকিস্তান প্রথম ওয়ানডে আজ


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১১ মার্চ ২০২৬, ১০:০০ এএম

বাংলাদেশ-পাকিস্তান প্রথম ওয়ানডে আজ
ছবি: সংগৃহীত

প্রায় চার মাস পর ওয়ানডে ক্রিকেটে ফিরছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আজ মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন পাকিস্তানের মুখোমুখি হবে টাইগাররা। একই ভেন্যুতে সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ১৩ ও ১৫ মার্চ।

আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ সর্বশেষ ওয়ানডে খেলেছিল গত বছরের অক্টোবরে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুরে অনুষ্ঠিত তিন ম্যাচের সিরিজে। সেই সিরিজে ২–১ ব্যবধানে জয় পেয়েছিল বাংলাদেশ। এরপর টাইগাররা মূলত টি-টোয়েন্টি ফরম্যাট নিয়েই ব্যস্ত ছিল এবং সামনে থাকা টি-টোয়েন্টি বিশ্বকাপকে লক্ষ্য করে প্রস্তুতি নেয়। তবে নিরাপত্তা ইস্যুর কারণে ভারতের মাটিতে অনুষ্ঠিত সেই বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ।

এখন টাইগারদের সামনে নতুন লক্ষ্য ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় যৌথভাবে অনুষ্ঠিত হবে এই বিশ্বকাপ। সেখানে সরাসরি অংশ নিতে হলে আইসিসি র‌্যাঙ্কিংয়ের শীর্ষ আটে থাকতে হবে। বর্তমানে বাংলাদেশ রয়েছে দশম স্থানে। তাই র‌্যাঙ্কিং উন্নত করে সরাসরি বিশ্বকাপে জায়গা নিশ্চিত করতে মরিয়া মেহেদি হাসান মিরাজের নেতৃত্বাধীন দল।

বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলতে ১১ বছর পর আবারও ওয়ানডে সিরিজ নিয়ে ঢাকায় এসেছে পাকিস্তান। যদিও এই সময়ের মধ্যে দুই দল চ্যাম্পিয়নস ট্রফি, এশিয়া কাপ ও ওয়ানডে বিশ্বকাপে একাধিকবার মুখোমুখি হয়েছে। এবার পাকিস্তান দলে রয়েছে ছয়জন নতুন ক্রিকেটার। তবুও প্রতিপক্ষকে হালকাভাবে নিচ্ছেন না বাংলাদেশ অধিনায়ক মেহেদি হাসান মিরাজ।

পরিসংখ্যানের দিক থেকে পাকিস্তানই এগিয়ে রয়েছে। ১৯৮৬ সাল থেকে এখন পর্যন্ত দুই দল ওয়ানডেতে মুখোমুখি হয়েছে মোট ৩৯ বার। এর মধ্যে বাংলাদেশের জয় মাত্র ৫টি, বিপরীতে পাকিস্তানের জয় ৩৪টি। তবে ঘরের মাঠে সিরিজ হওয়ায় এবার ভালো ফলের প্রত্যাশা করছে বাংলাদেশ দল ও সমর্থকরা।

এই সিরিজের মাধ্যমে দীর্ঘ বিরতির পর ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের পারফরম্যান্স কেমন হয়, সেটাই এখন দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।