খেলা
প্রস্তুতি ম্যাচে আইসল্যান্ডকে উড়িয়ে দিল আর্জেন্টিনা, মেসির জোড়া গোল
বিশ্বকাপ শুরুর আগমুহূর্তে শেষ প্রস্তুতি ম্যাচে দাপুটে জয় পেয়েছে আর্জেন্টিনা। আইসল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে নিজেদের শক্তির জানান দিয়েছে দলটি।
বুধবার (১০ জুন) যুক্তরাষ্ট্রের জন হেয়ার স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ৬টায় ম্যাচটি অনুষ্ঠিত হয়।
ম্যাচের শুরুতে কিছুটা চাপে পড়লেও দ্রুত ঘুরে দাঁড়ায় আর্জেন্টিনা। আইসল্যান্ডের এলার্টসনের একটি দারুণ সুযোগ ক্রসবারের ওপর দিয়ে চলে গেলে বড় বিপদ থেকে রক্ষা পায় তারা। এরপর থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় আর্জেন্টিনা।
প্রথমার্ধে বলের দখল ও আক্রমণে আধিপত্য দেখিয়ে ১-০ ব্যবধানে এগিয়ে যায় আর্জেন্টিনা। বিরতির পর মাঠে নেমেই লিওনেল মেসির পেনাল্টি থেকে করা গোলে ব্যবধান ২-০ হয়।
এরপর ৭২ মিনিটে আবারও গোল করেন লিওনেল মেসি, যা দলকে আরও স্বস্তিতে নিয়ে যায়। ম্যাচের ৮৬ মিনিটে থিয়াগো আলমাডার গোলে ৩-০ ব্যবধানে জয় নিশ্চিত করে আর্জেন্টিনা।
পুরো ম্যাচে আর্জেন্টিনার আক্রমণভাগে নিকো পাজ ছিলেন বেশ সক্রিয়। তার সৃজনশীল পাসিং বারবার আইসল্যান্ডের রক্ষণে চাপ তৈরি করে। অন্যদিকে রক্ষণভাগ ছিল সুসংগঠিত, ফলে গোলরক্ষক জেরোনিমো রুলিকে খুব বেশি কঠিন পরীক্ষার মুখে পড়তে হয়নি।
আইসল্যান্ড মাঝে মধ্যে পাল্টা আক্রমণের চেষ্টা করলেও আর্জেন্টিনার উচ্চ প্রেসিং ও সংগঠিত ডিফেন্স তাদের পরিকল্পনা ভেস্তে দেয়।
সব মিলিয়ে বিশ্বকাপ শুরুর আগে আত্মবিশ্বাসী পারফরম্যান্সে বড় জয় তুলে নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা।