খেলা

ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলার পাশে দাঁড়িয়ে আবেগঘন বার্তা মেসির


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ০২:২২ পিএম

ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলার পাশে দাঁড়িয়ে আবেগঘন বার্তা মেসির
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের ব্যস্ত সূচির মধ্যেও মানবিক দায়িত্বের কথা ভুলে যাননি আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলার মানুষের প্রতি গভীর সমবেদনা ও সংহতি জানিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন তিনি। একই সঙ্গে স্বজন হারানো এবং নিখোঁজ প্রিয়জনদের খুঁজে ফিরছেন এমন মানুষদের প্রতিও প্রকাশ করেছেন আন্তরিক সহমর্মিতা।

গত ২৬ জুন অল্প সময়ের ব্যবধানে ভেনেজুয়েলায় আঘাত হানে শক্তিশালী দুটি ভূমিকম্প। প্রথমটির মাত্রা ছিল ৭ দশমিক ২। এর মাত্র ৪০ সেকেন্ড পর ৭ দশমিক ৫ মাত্রার আরেকটি ভূমিকম্প অনুভূত হয়। সর্বশেষ তথ্য অনুযায়ী, এ দুর্যোগে প্রায় তিন হাজার মানুষের প্রাণহানি ঘটেছে।

এই কঠিন সময়ে ভেনেজুয়েলার মানুষের উদ্দেশে মেসি বলেন, দেশটির সব মানুষের প্রতি তিনি ভালোবাসা ও সমর্থন জানাতে চান। তাদের যে ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হচ্ছে, তা তিনি উপলব্ধি করেন বলেও উল্লেখ করেন। পাশাপাশি বিশ্বের সবাইকে তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান আর্জেন্টিনার এই অধিনায়ক।

নিখোঁজ স্বজনদের খুঁজে অনিশ্চয়তার মধ্যে দিন কাটানো মানুষদের কথাও বিশেষভাবে তুলে ধরেন মেসি। তিনি বলেন, যারা প্রিয়জনদের খুঁজে পাচ্ছেন না এবং ভবিষ্যৎ নিয়ে গভীর অনিশ্চয়তায় রয়েছেন, তাদের সবার প্রতি তার আন্তরিক সমর্থন রয়েছে। একই সঙ্গে ভেনেজুয়েলার জনগণকে শক্ত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, তাদের জন্য রইল অনেক শক্তি ও ভালোবাসা।

অন্যদিকে, পর্তুগালের তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোও মানবিক উদ্যোগ নিয়ে আলোচনায় এসেছেন। ভূমিকম্পে সবকিছু হারানো ভেনেজুয়েলার এক শিশুকে নিজের একটি খেলা মাঠে বসে দেখার আমন্ত্রণ জানিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বার্তায় রোনালদো বলেন, তিনি চান শিশুটি তার একটি খেলা দেখতে আসুক।

বিশ্ব ফুটবলের দুই মহাতারকার এমন মানবিক উদ্যোগ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।