খেলা

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন সাদিও মানে


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ০৮:৫৪ পিএম

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন সাদিও মানে
ছবি: সংগৃহীত

সেনেগাল জাতীয় ফুটবল দলের হয়ে দীর্ঘ ও সফল ক্যারিয়ারের ইতি টানলেন তারকা ফরোয়ার্ড সাদিও মানে। ২০২৬ বিশ্বকাপের রাউন্ড অব ৩২ থেকে সেনেগালের বিদায়ের পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান ৩৪ বছর বয়সী এই অভিজ্ঞ ফুটবলার। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

মানের এই সিদ্ধান্ত অনেকটাই প্রত্যাশিত ছিল। এর আগে তিনি ইঙ্গিত দিয়েছিলেন, মরক্কোয় অনুষ্ঠিত ২০২৫ আফ্রিকা কাপ অব নেশনসই হতে পারে জাতীয় দলের হয়ে তার শেষ আন্তর্জাতিক আসর। যদিও এরপরও ২০২৬ বিশ্বকাপে দেশের জার্সিতে মাঠে নামেন তিনি।

আবেগঘন বিদায়বার্তায় দেশের সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মানে বলেন, দেশের জন্য তিনি সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছেন এবং সমর্থকদের ভালোবাসাই তাকে অনুপ্রাণিত করেছে।

আন্তর্জাতিক ফুটবল থেকে সরে দাঁড়ালেও দেশের ফুটবলের সঙ্গে সম্পৃক্ত থাকতে চান মানে। ভবিষ্যতে কোচিং স্টাফ, কোচিং বেঞ্চ কিংবা ফুটবল প্রশাসনের সঙ্গে যুক্ত হয়ে সেনেগালের ফুটবলের উন্নয়নে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন তিনি।

তবে ক্লাব ফুটবলে আপাতত খেলা চালিয়ে যাবেন এই তারকা ফরোয়ার্ড। বর্তমানে তিনি সৌদি প্রো লিগের ক্লাব আল নাসরের হয়ে খেলছেন এবং ক্লাবটির সঙ্গে তার চুক্তি রয়েছে ২০২৭ সাল পর্যন্ত।

সেনেগালের জার্সিতে মানের অর্জনও দারুণ। জাতীয় দলের হয়ে ১৩০টি ম্যাচে ৫৪টি গোল করে তিনি দেশের ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

তার ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য আসে ২০২১ সালে, যখন প্রথমবারের মতো আফ্রিকা কাপ অব নেশনসের শিরোপা জেতে সেনেগাল। এছাড়া ২০১৯ সালের আসরে দলকে ফাইনালে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। ২০২৫ সালের শিরোপাজয়ী দলেও ছিলেন অভিজ্ঞ ও নির্ভরযোগ্য সদস্য।

দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে সেনেগালের আক্রমণভাগের নেতৃত্ব দেওয়া সাদিও মানের বিদায়ে আন্তর্জাতিক ফুটবলে একটি উজ্জ্বল অধ্যায়ের সমাপ্তি ঘটল। তবে ক্লাব ফুটবলে তার নৈপুণ্য আরও কিছুদিন উপভোগ করতে পারবেন ভক্তরা।