খেলা
'ফ্রি ফ্রি প্যালেস্টাইন' স্লোগানে স্পেন সমর্থকদের বিজয় উল্লাস
বিশ্বকাপ জয়ের আনন্দে উৎসবে মেতেছিলেন স্পেনের হাজারো সমর্থক। তবে শিরোপা উদযাপনের পাশাপাশি তাদের কণ্ঠে উঠে আসে ফিলিস্তিনের প্রতি সংহতির বার্তা। বিজয় উল্লাসের মধ্যেই বারবার ধ্বনিত হয়, ‘ফ্রি ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান।
বিশ্বকাপ জয়ের পর যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের বিখ্যাত টাইমস স্কয়ারে জড়ো হন স্পেনের অসংখ্য সমর্থক। ট্রফি জয়ের আনন্দে উল্লাস করার পাশাপাশি তাদের অনেকের হাতেই ছিল ফিলিস্তিনের জাতীয় পতাকা। একপর্যায়ে পুরো এলাকা ‘ফ্রি প্যালেস্টাইন’ স্লোগানে মুখর হয়ে ওঠে। পরে সেই দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।
ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশের বিষয়টি স্পেনের অনেক সমর্থকের দীর্ঘদিনের অবস্থানেরই প্রতিফলন বলে মনে করা হচ্ছে। দেশটির তরুণ ফুটবল তারকা লামিনে ইয়ামাল এর আগেও একাধিকবার ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়েছেন। লিগ শিরোপা উদযাপনের সময়ও তাকে ফিলিস্তিনের পতাকা হাতে দেখা গিয়েছিল।
শুধু ইয়ামালই নন, স্পেনের খ্যাতিমান অভিনেতা হাভিয়ের বারদেমও প্রকাশ্যে ফিলিস্তিনের প্রতি নিজের সমর্থনের কথা জানিয়েছেন। তার ভাষায়, অস্তিত্ব রক্ষা করাই সবচেয়ে বড় প্রতিরোধ।
এর আগে স্পেন সরকার ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পর দেশটির বিভিন্ন পর্যায়ে ফিলিস্তিনের প্রতি সমর্থনের প্রকাশ আরও দৃশ্যমান হয়। বিশ্বকাপ জয়ের উৎসবেও সেই অবস্থানের প্রতিফলন দেখা গেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
শিরোপা জয়ের আনন্দঘন রাতেও স্পেনের অনেক সমর্থক শুধু ফুটবলের বিজয়ই উদযাপন করেননি, একই সঙ্গে ফিলিস্তিনের প্রতি নিজেদের সংহতি ও সমর্থনের বার্তাও তুলে ধরেছেন।