খেলা
একটি নয়, ফাইনালে দুটি লাল কার্ড দেখেছে আর্জেন্টিনা
বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচে নাটকীয়তা, উত্তেজনা আর বিতর্ক সবকিছুর মাঝেই শেষ পর্যন্ত জয় পায় স্পেন। অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে একমাত্র গোলেই আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা ঘরে তোলে তারা। তবে ম্যাচ শেষে দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছে যায়।
খেলা শেষের পর স্পেনের মিডফিল্ডার এরিক গার্সিয়া সতীর্থদের সঙ্গে উদযাপনে মেতে উঠলে সেখানে গিয়ে হঠাৎই উত্তেজিত হয়ে পড়েন আর্জেন্টিনার লিয়ান্দ্রো পারেদেস। এক পর্যায়ে তিনি গার্সিয়ার গলা চেপে ধরেন, যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত এগিয়ে আসেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি এবং সহকারী কোচ ওয়াল্টার সামুয়েল। এরই মধ্যে স্পেনের তরুণ তারকা গাভি পারেদেসকে আঘাত করার চেষ্টা করলে দু’পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। পারেদেস গাভির শার্ট ধরে তাকে মাটিতে ফেলে দেন। এই বিশৃঙ্খলায় পড়ে যান আর্জেন্টিনার থিয়াগো আলমাদাও।
পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও রেফারি স্লাভকো ভিনচিক তার রিপোর্টে পারেদেসের আগ্রাসী আচরণের কথা উল্লেখ করেন। ফলে ম্যাচ শেষ হওয়ার পরও সরাসরি লাল কার্ড দেখানো হয় তাকে।
এর আগে ম্যাচের মধ্যেই আরেক দুঃসংবাদ আসে আর্জেন্টিনার জন্য। স্পেনের পাউ কুবার্সিকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন এনজো ফার্নান্দেজ। ফলে লাল কার্ড পেয়ে মাঠ ছাড়তে হয় তাকে এবং শেষ দিকে ১০ জন নিয়েই খেলতে বাধ্য হয় আর্জেন্টিনা।
শিরোপার এত কাছে এসেও পরাজয়ের হতাশায় ম্যাচ শেষে মাঠের পাশে বিষণ্ন হয়ে বসে থাকতে দেখা যায় পারেদেসসহ আর্জেন্টিনার খেলোয়াড়দের।