খেলা
ফিফা সভাপতি নির্বাচনে নিজ দেশের সমর্থন হারালেন ইনফান্তিনো
আসন্ন ফিফা সভাপতি নির্বাচনে নিজ দেশ সুইজারল্যান্ডের আনুষ্ঠানিক সমর্থন হারিয়েছেন বর্তমান সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ফিফার সুশাসন, স্বচ্ছতা ও সততা নিয়ে উদ্বেগের কথা জানিয়ে সুইস ফুটবল ফেডারেশন এই সিদ্ধান্ত নিয়েছে।
সুইস ফেডারেশনের দাবি, আন্তর্জাতিক ফুটবলের সুশাসন ও ফিফার ওপর আস্থা বজায় রাখতে বিশ্বাসযোগ্যতা, স্বচ্ছতা, জবাবদিহিতা ও কার্যকর পরিচালন কাঠামো জরুরি। গত জুনে ইনফান্তিনোকে সমর্থন দেওয়ার পর সাম্প্রতিক পরিস্থিতিতে এসব শর্ত আর পূরণ হচ্ছে না বলে মনে করছে সংস্থাটি।
ইনফান্তিনোর সমর্থন প্রত্যাহারের পেছনে বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব ব্যক্তিগত বিনিয়োগকারীদের কাছে দেওয়ার একটি বাতিল পরিকল্পনাও রয়েছে। ২৮ জুলাই পরিকল্পনাটি প্রকাশ্যে আসার পর ব্যাপক সমালোচনা শুরু হয়। কয়েক দিনের মধ্যেই তা বাতিল করা হয়। বিষয়টি নিয়ে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফার সঙ্গেও ফিফার নেতৃত্বের বিরোধ তীব্র হয়েছে।
প্রতিযোগিতার নিরপেক্ষতা নিয়েও সুইস ফেডারেশন উদ্বেগ জানিয়েছে। বিশ্বকাপের সহআয়োজক যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারিন বালোগানের নিষেধাজ্ঞা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে চাপ দেওয়ার অভিযোগও তারা বিবেচনায় নিয়েছে।
এর আগে ইনফান্তিনোর চতুর্থ ও শেষ মেয়াদে ২০৩১ সাল পর্যন্ত দায়িত্ব পালন প্রায় নিশ্চিত বলেই মনে হচ্ছিল। তবে বাণিজ্যিক পরিকল্পনা ঘিরে বিতর্কের পর তার সমর্থনে পরিবর্তন দেখা দিয়েছে। এরই মধ্যে উয়েফা আগামী সপ্তাহে বার্লিনে তাদের ৫৫ সদস্য দেশের প্রতিনিধিদের নিয়ে বৈঠক করে ইনফান্তিনোর বিরুদ্ধে একজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী দাঁড় করানোর বিষয়ে আলোচনা করবে।
ফিফা সভাপতি পদে প্রার্থিতা জমা দেওয়ার শেষ সময় ১৮ নভেম্বর। আগামী বছরের ১৮ মার্চ মরক্কোর রাবাতে ফিফার ২১১ সদস্য দেশের প্রতিনিধিদের ভোটে পরবর্তী সভাপতি নির্বাচিত হওয়ার কথা।