খেলা
মাঠজুড়ে আর্জেন্টিনার তাণ্ডব, ৭ গোল খেয়ে বিধ্বস্ত বুরকিনা ফাসো
বুরকিনা ফাসোকে ৭-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে আর্জেন্টিনা। ফিফা আন্তর্জাতিক বিরতির দ্বিতীয় প্রীতি ম্যাচে শুরু থেকেই দাপট দেখিয়ে বড় জয় তুলে নিয়েছে লিওনেল স্কালোনির দল।
রোববার (৪ অক্টোবর) বুয়েনস এইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রতিপক্ষকে কার্যত কোনো সুযোগই দেয়নি বিশ্বচ্যাম্পিয়নরা।
এর আগে প্রথম প্রীতি ম্যাচে বলিভিয়াকে ৪-০ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা। ফলে টানা দুই ম্যাচে কোনো গোল হজম না করে ১১ গোল করার কীর্তি গড়েছে দলটি।
ম্যাচের চতুর্থ মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ পায় আর্জেন্টিনা। ডি-বক্সে অগাস্টিন জিয়াইকে ফাউল করেন বুরকিনা ফাসোর ডিফেন্ডার মুমুনি দিয়ালো। পেনাল্টি থেকে লাউতারো মার্তিনেসের প্রথম শট ঠেকিয়ে দেন গোলরক্ষক রাজাক গুইরা। তবে ফিরতি বলে বাঁ পায়ের শটে জাল খুঁজে নেন আর্জেন্টাইন ফরোয়ার্ড।
জাতীয় দলের হয়ে টানা দ্বিতীয় ম্যাচে গোল করলেন মার্তিনেস। বলিভিয়ার বিপক্ষেও দলের প্রথম গোলটি করেছিলেন তিনি। আর্জেন্টিনার জার্সিতে ৮৬ ম্যাচে তার গোলসংখ্যা ৪২। দেশটির সর্বোচ্চ গোলদাতার তালিকায় দ্বিতীয় স্থানে থাকা গ্যাব্রিয়েল বাতিস্তুতার ৫৪ গোলের রেকর্ডের আরও কাছে পৌঁছেছেন তিনি। ১২৫ গোল নিয়ে তালিকার শীর্ষে রয়েছেন অধিনায়ক লিওনেল মেসি।
অষ্টম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে আর্জেন্টিনা। এবারও বুরকিনা ফাসোর ডিফেন্ডার দিয়ালোর ভুলের সুযোগ নেয় স্বাগতিকরা। বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই পাঠিয়ে দেন তিনি।
১২তম মিনিটে জিয়ানলুকা প্রেস্তিয়ানি গোল করলে ব্যবধান দাঁড়ায় ৩-০। ডি-বক্সে ঢুকে দুর্দান্ত শটে জাতীয় দলের হয়ে নিজের প্রথম গোলের দেখা পান এই তরুণ।
৩৫তম মিনিটে নিকোলাস পাজের গোলে ব্যবধান আরও বাড়ে। এর পরের মিনিটেই জাল খুঁজে নেন হুলিয়ান আলভারেজ। ফলে প্রথমার্ধেই ৫-০ গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা।
বিরতির পরও আক্রমণের ধার অব্যাহত রাখে স্কালোনির দল। ৫৭তম মিনিটে বদলি হিসেবে মাঠে নেমে আন্তর্জাতিক ফুটবলে নিজের প্রথম গোল করেন ফ্রাঙ্কো মাস্তানতুওনো। গোলরক্ষককে একা পেয়ে ঠান্ডা মাথায় বল জালে পাঠিয়ে ব্যবধান ৬-০ করেন তরুণ এই ফরোয়ার্ড।
মনুমেন্তাল স্টেডিয়ামে গোলটি মাস্তানতুওনোর জন্য বিশেষ স্মৃতি হয়ে থাকবে। এর আগে রিভার প্লেটের হয়ে এই মাঠেই ফ্রি-কিক থেকে গোল করেছিলেন তিনি।
পুরো ম্যাচে বুরকিনা ফাসোকে সেভাবে আক্রমণের সুযোগ দেয়নি আর্জেন্টিনা। একের পর এক আক্রমণে প্রতিপক্ষের রক্ষণভাগকে ব্যস্ত রাখে তারা।
ম্যাচের যোগ করা সময়ে জুলিয়ানো সিমিওনে গোল করলে ৭-০ ব্যবধানের বড় জয় নিশ্চিত হয় আর্জেন্টিনার। টানা দুই প্রীতি ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সে নিজেদের শক্তিমত্তার জানান দিল বিশ্বচ্যাম্পিয়নরা।