খেলা

বিদেশি লিগে দল কিনলেন ক্রিস গেইল


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২১ এপ্রিল ২০২৬, ০৪:০৯ পিএম

বিদেশি লিগে দল কিনলেন ক্রিস গেইল
ক্রিস গেইল। ছবি: সংগৃহীত

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে এক সময় বিশ্বের নানা প্রান্তে খেলেছেন ক্রিস গেইল। এবার সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নতুন ভূমিকায় নাম লিখিয়েছেন তিনি। খেলোয়াড় নয়, বরং ফ্র্যাঞ্চাইজির সহমালিক হিসেবে দেখা যাবে এই ক্যারিবীয়ান তারকাকে।

ইউরোপিয়ান টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগ (ইটিপিএল)-এর দল গ্লাসগো মুগাফিয়ান্সে বিনিয়োগ করেছেন গেইল। এই ফ্র্যাঞ্চাইজিতে তার সহমালিক হিসেবে আছেন বলিউড অভিনেতা অভিষেক বচ্চন, যিনি ভারতভিত্তিক মুগাফি গ্রুপের অন্যতম মালিক।

আসন্ন এই টুর্নামেন্টের উদ্বোধনী আসর শুরু হবে আগামী ২৬ আগস্ট, যা চলবে ২০ সেপ্টেম্বর পর্যন্ত। মোট ছয়টি দল অংশ নেবে প্রতিযোগিতায়, যেখানে ৩৩টি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। গ্লাসগো ছাড়াও অংশ নিচ্ছে আমস্টারডাম, এডিনবার্গ, ডাবলিন, বেলফাস্ট ও রটারডাম।

লিগের সহমালিক অভিষেক বচ্চন গেইলকে স্বাগত জানিয়ে বলেন, এই উদ্যোগ ইউরোপে ক্রিকেটের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এবং নতুন প্রতিভা তুলে ধরার সুযোগ তৈরি করবে।

অন্যদিকে, গ্লাসগো মুগাফিয়ান্সের অংশীদার হয়ে বেশ উচ্ছ্বসিত গেইলও। তার মতে, ইটিপিএল বিশ্ব ক্রিকেটে নতুন সম্ভাবনার দুয়ার খুলতে পারে। বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অভিজ্ঞতা থেকে তিনি বিশ্বাস করেন, এই টুর্নামেন্ট ভবিষ্যতে প্রতিভাবান ক্রিকেটার তৈরি এবং ইউরোপে ক্রিকেটের ভিত্তি আরও শক্তিশালী করতে সহায়ক হবে।