খেলা
ইংল্যান্ড পুরুষ ক্রিকেট দলের ফিল্ডিং কোচ হলেন সাবেক নারী ক্রিকেটার
ইংল্যান্ড পুরুষ ক্রিকেট দলের ফিল্ডিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন দেশটির সাবেক নারী ক্রিকেটার সারাহ টেইলর। নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে নতুন ভূমিকায় দেখা যাবে তাকে।
বুধবার (১৪ মে) ইংল্যান্ড ক্রিকেট বোর্ড সারাহ টেইলরের দায়িত্ব পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। এর মধ্য দিয়ে ইংল্যান্ড পুরুষ জাতীয় ক্রিকেট দলের প্রথম নারী কোচ হিসেবে ইতিহাস গড়লেন তিনি।
আন্তর্জাতিক ক্রিকেটে সারাহ টেইলর অন্যতম সেরা উইকেটরক্ষক হিসেবে পরিচিত ছিলেন। ১৩ বছরের ক্যারিয়ারে তিনি ইংল্যান্ডের হয়ে তিন সংস্করণ মিলিয়ে ২২৬টি ম্যাচ খেলেছেন। ২০১৭ সালে ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকাও ছিল তার।
খেলোয়াড় জীবন শেষ করে কোচিংয়ে মনোযোগ দেন সারাহ। এর আগে কাউন্টি দল সাসেক্স ও ম্যানচেস্টার অরিজিনালসের সঙ্গে কাজ করেছেন তিনি।
আগামী ৪ জুন লর্ডসে শুরু হবে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের টেস্ট সিরিজ। পরের দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ১৭ জুন ওভালে এবং ২৫ জুন ট্রেন্ট ব্রিজে। এই সিরিজ দিয়েই জাতীয় পুরুষ দলের কোচিং স্টাফ হিসেবে অভিষেক হবে সারাহ টেইলরের।
ইংলিশ ক্রিকেটের পরিচালক রব কি বলেন, সারাহ তার কাজে অত্যন্ত দক্ষ এবং ফিল্ডিং কোচ হিসেবে অসাধারণ সুনাম অর্জন করেছেন। তার মতে, সারাহ এই দায়িত্বের জন্য অন্যতম সেরা পছন্দ।