খেলা

বিশ্বকাপ ব্যর্থতার পর জার্মানির কোচের পদ ছাড়লেন নাগেলসম্যান


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ১২:১৯ পিএম

বিশ্বকাপ ব্যর্থতার পর জার্মানির কোচের পদ ছাড়লেন নাগেলসম্যান
ছবিঃ সংগৃহীত

চলমান বিশ্বকাপে প্যারাগুয়ের কাছে হেরে জার্মানির অপ্রত্যাশিত বিদায়ের পর জাতীয় দলের প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন ইউলিয়ান নাগেলসম্যান। বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের জেরে তৈরি হওয়া তীব্র চাপের মধ্যেই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নেন। তার বিদায়ের পর জার্মানির পরবর্তী প্রধান কোচ হিসেবে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে অভিজ্ঞ কোচ ইয়ুর্গেন ক্লপের নাম।

প্যারাগুয়ের বিপক্ষে টাইব্রেকারে হেরে বিশ্বকাপের নকআউট পর্ব থেকেই বিদায় নেয় চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। ফুটবল বিশ্বে এটি ছিল অন্যতম বড় অঘটন। এই ব্যর্থতার পর ৩৮ বছর বয়সী নাগেলসম্যানকে ঘিরে সমালোচনা ও চাপ দ্রুত বাড়তে থাকে।

যদিও এর আগে ধারণা করা হচ্ছিল, ২০২৮ সালের ইউরো চ্যাম্পিয়নশিপ পর্যন্ত জার্মান দলের দায়িত্বে থাকবেন তিনি। বিশ্বকাপ থেকে বিদায়ের পর নাগেলসম্যান জানিয়েছিলেন, ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব পুরোপুরি জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন (ডিএফবি)-এর। তিনি বলেছিলেন, ডিএফবি চাইলে ২০২৮ সাল পর্যন্ত দায়িত্ব পালন করতে প্রস্তুত আছেন এবং দায়িত্ব ছেড়ে পালিয়ে যাওয়ার মানুষ তিনি নন।

একই সঙ্গে তিনি হতাশা প্রকাশ করে স্বীকার করেছিলেন, প্যারাগুয়ের কাছে পরাজয়ের পর জার্মানিকে বিশ্বের সেরা দলগুলোর কাতারে রাখা কঠিন।

তবে পরিস্থিতি দ্রুত পাল্টে যায়। ব্রিটিশ সংবাদমাধ্যম মিরর-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ডিএফবির কর্মকর্তাদের সঙ্গে এক জরুরি বৈঠকে নাগেলসম্যানকে জানিয়ে দেওয়া হয়—তিনি স্বেচ্ছায় পদত্যাগ না করলে তাকে বরখাস্ত করা হবে। এরপরই দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নেন জার্মান এই কোচ। ডিএফবির পক্ষ থেকে আজ এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার কথা রয়েছে।

এদিকে নাগেলসম্যানের বিদায়ের পর থেকেই জার্মানির নতুন কোচ হিসেবে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন ইয়ুর্গেন ক্লপ। প্রতিবেদনে দাবি করা হয়েছে, বিশ্বকাপ চলাকালেই জার্মান জাতীয় দলের দায়িত্ব নেওয়ার ব্যাপারে আগ্রহের ইঙ্গিত দিয়েছিলেন সাবেক লিভারপুল কোচ।

এখন ডিএফবির পরবর্তী সিদ্ধান্তের দিকেই নজর ফুটবলপ্রেমীদের। নাগেলসম্যান-পরবর্তী যুগে জার্মান ফুটবলের দায়িত্ব শেষ পর্যন্ত কার হাতে উঠবে, সেটিই এখন সবচেয়ে বড় আলোচনার বিষয়।