খেলা

‘আর্জেন্টিনা এবার চতুর্থ শিরোপা জিততে পারবে না’: ক্যাসিয়াস


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ০৮:৫৫ এএম

‘আর্জেন্টিনা এবার চতুর্থ শিরোপা জিততে পারবে না’: ক্যাসিয়াস
ছবিঃ সংগৃহীত

২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালকে সামনে রেখে আর্জেন্টিনাকে খোঁচা দিয়েছেন স্পেনের কিংবদন্তি গোলরক্ষক ও ২০১০ বিশ্বকাপজয়ী অধিনায়ক ইকার ক্যাসিয়াস। তার বিশ্বাস, এবার আর্জেন্টিনা চতুর্থ বিশ্বকাপ শিরোপা জিততে পারবে না; বরং স্পেনই নিজেদের দ্বিতীয় বিশ্বকাপ ট্রফি ঘরে তুলবে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স–এ দেওয়া এক পোস্টে ক্যাসিয়াস লেখেন, “তোমরা এবার চতুর্থ তারকাটি পাচ্ছো না। চতুর্থ তারকার কোনো সুযোগ নেই। এবার আমাদের দ্বিতীয় তারকা জয়ের পালা। এগিয়ে যাও স্পেন।”

বুধবার (১৫ জুলাই) বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে আর্জেন্টিনা। ম্যাচ শেষে ইংল্যান্ডের রক্ষণাত্মক কৌশলেরও কড়া সমালোচনা করেন সাবেক স্প্যানিশ অধিনায়ক।

ম্যাচের ৫৫তম মিনিটে অ্যান্থনি গর্ডনের গোলে এগিয়ে যায় ইংল্যান্ড। তবে গোলের পর কোচ থমাস টুখেলের দল আক্রমণাত্মক ফুটবল ছেড়ে রক্ষণ সামলাতেই বেশি মনোযোগ দেয়। এই কৌশলকে ভুল বলে মন্তব্য করেন ক্যাসিয়াস।

তিনি বলেন, “গোল করার পরই তারা পুরো দল নিয়ে নিচে নেমে যায়। একেবারে কাপুরুষোচিত কৌশল। নিজেদের ডি-বক্সের বাইরে প্রায় বেরই হয়নি তারা। ফলে আর্জেন্টিনা বারবার আক্রমণের সুযোগ পেয়েছে। এমন পরিস্থিতিতে ম্যাচের ফল অন্যরকম হওয়ার সুযোগ খুব কম ছিল।”

ম্যাচ শেষে আরেকটি পোস্টে ক্যাসিয়াস লেখেন, “ইংল্যান্ড নিজেদের ভুল রণকৌশলের কারণেই হেরেছে। শেষ ৩০ মিনিট তারা আর্জেন্টিনাকে পুরো ম্যাচ নিয়ন্ত্রণের সুযোগ করে দিয়েছে।”

ইংল্যান্ডের রক্ষণ ভেঙে শেষ পর্যন্ত ম্যাচে ঘুরে দাঁড়ায় আর্জেন্টিনা। ৮৫তম মিনিটে এনজো ফার্নান্দেজ সমতা ফেরান। এরপর যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে লাউতারো মার্তিনেজের জয়সূচক গোলে ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে লিওনেল স্কালোনির দল।

আগামী রোববার বাংলাদেশ সময় রাত ১টায় নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে স্পেন ও আর্জেন্টিনা।

ম্যাচটি জিততে পারলে আর্জেন্টিনা টানা দ্বিতীয়বার এবং ইতিহাসে চতুর্থবারের মতো বিশ্বকাপ জয়ের কীর্তি গড়বে। অন্যদিকে, স্পেনের সামনে থাকছে ২০১০ সালের পর দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার সুযোগ।