খেলা

ভারত সফরে যাচ্ছেন বিসিবি সভাপতি তামিম


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ০৫:২৮ পিএম

ভারত সফরে যাচ্ছেন বিসিবি সভাপতি তামিম
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল ভারত সফরে যাচ্ছেন। সফরে তার সঙ্গে থাকবেন বিসিবির গ্রাউন্ডস ও হাই পারফরম্যান্স (এইচপি) কমিটির চেয়ারম্যান শাহনিয়ান তানিম। সফরের মূল লক্ষ্য বেঙ্গালুরুতে বিসিসিআইয়ের সেন্টার অব এক্সিলেন্স পরিদর্শন।

বিসিবির পরিকল্পনা অনুযায়ী, পূর্বাচলে একটি বিশ্বমানের ক্রিকেট এক্সিলেন্স সেন্টার গড়ে তোলা হবে। সেই প্রকল্প বাস্তবায়নের অংশ হিসেবে ভারতের আধুনিক অবকাঠামো, প্রশিক্ষণ ব্যবস্থা, জিমনেশিয়াম, স্পোর্টস সায়েন্স এবং বায়োমেকানিক্স সুবিধা সরেজমিনে পর্যবেক্ষণ করবেন তামিম ইকবাল ও শাহনিয়ান তানিম।

গত বুধবার অনুষ্ঠিত বিসিবির বোর্ড সভায় পূর্বাচল স্টেডিয়ামে এক্সিলেন্স সেন্টার নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রকল্পের কাজ দ্রুত শুরু করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

এদিকে, আগামী সেপ্টেম্বরে ভারতের বাংলাদেশ সফরে দ্বিপাক্ষিক সিরিজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ধারণা করা হচ্ছে, তামিম ইকবালের এই সফরে সেই সিরিজের প্রস্তুতি ও সংশ্লিষ্ট বিষয়েও বিসিসিআই কর্মকর্তাদের সঙ্গে আলোচনা হতে পারে।