খেলা
জামালপুরে শুরু হলো জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬
জামালপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬।
রবিবার (২৩ আগস্ট) বিকেল ৩টায় জামালপুর বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম স্টেডিয়ামে জামালপুর জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামালপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব ইউসুপ। অনুষ্ঠান পরিচালনা করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আহ্বায়ক এ কে এম আব্দুল্লাহ বিন রশীদ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য ও জামালপুর ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেজ আলী মামুন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান বাবুল। এ ছাড়া বক্তব্য রাখেন জামালপুরের সিভিল সার্জন ডা. মো. আজিজুল হক।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জামালপুরের ক্রীড়া কর্মকর্তা আরিফিন আক্তার মনিসহ জেলা প্রশাসন, ক্রীড়া সংস্থার কর্মকর্তা, বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক।
উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় জামালপুর সদর উপজেলা ও মাদারগঞ্জ উপজেলা ফুটবল দল। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও রোমাঞ্চকর খেলায় মাদারগঞ্জ উপজেলা ফুটবল দল ১-০ গোলে জামালপুর সদর উপজেলা দলকে পরাজিত করে।
টুর্নামেন্টে জামালপুর পৌরসভাসহ জেলার মোট ৭টি উপজেলা ফুটবল দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী ম্যাচকে ঘিরে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম স্টেডিয়ামে হাজারো দর্শকের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
ক্রীড়াপ্রেমীদের প্রত্যাশা, টুর্নামেন্টের পরবর্তী ম্যাচগুলোও জমজমাট হবে এবং ফাইনাল ম্যাচ আরও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে।