খেলা

১০ জনের আল নাসরের অবিশ্বাস্য কামব্যাক, দুই গোলে পিছিয়েও জয়


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, ০৬:৫৬ পিএম

১০ জনের আল নাসরের অবিশ্বাস্য কামব্যাক, দুই গোলে পিছিয়েও জয়
ছবি: সংগৃহীত

চলতি মৌসুমে প্রথমবার আল নাসরের মূল একাদশে জায়গা পেয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। তবে ম্যাচের সবচেয়ে নাটকীয় মুহূর্তগুলো তাকে দেখতে হয়েছে ডাগআউটে বসে। দুই গোলে পিছিয়ে এবং একজন খেলোয়াড় কম নিয়েও শেষ পর্যন্ত আল ইত্তিফাককে ৩-২ গোলে হারিয়ে অবিশ্বাস্য জয় তুলে নিয়েছে আল নাসর।

প্রথমার্ধ শেষেই রোনালদোকে মাঠ থেকে তুলে নেন আল নাসরের কোচ অ্যাঞ্জ পোস্তেকোগলু। মাঠ ছাড়ার সময় কোচের সিদ্ধান্তে অসন্তোষের ছাপ দেখা যায় পর্তুগিজ তারকার মুখে। তবে এরপর ডাগআউটে বসেই দলের নাটকীয় প্রত্যাবর্তনের সাক্ষী হন তিনি।

ম্যাচের শুরু থেকেই কঠিন পরিস্থিতিতে পড়ে আল নাসর। ১২ মিনিটে আল ইত্তিফাকের ফরোয়ার্ড মুসা দেম্বেলেকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন আল নাসরের গোলরক্ষক বেন্তো। ফলে ম্যাচের বড় অংশ ১০ জন নিয়ে খেলতে হয় দলটিকে।

একজন বেশি খেলোয়াড়ের সুযোগ কাজে লাগাতে সময় নেয়নি আল ইত্তিফাক। ৩১ মিনিটে প্রথম গোল করে এগিয়ে যায় স্বাগতিকরা। প্রথমার্ধের যোগ করা সময়ে আরও একবার জালে বল পাঠিয়ে ২-০ ব্যবধানে এগিয়ে যায় তারা।

এমন পরিস্থিতিতে দলের অন্যতম সেরা গোলদাতা রোনালদোকে তুলে নেওয়ার সিদ্ধান্তটি ছিল বেশ সাহসী। তবে প্রথমার্ধে রোনালদোর পারফরম্যান্সও ছিল স্বাভাবিক সময়ের তুলনায় নিষ্প্রভ। পুরো ৪৫ মিনিটে মাত্র সাতবার বলের স্পর্শ পান তিনি। দুটি শটের একটি ছিল লক্ষ্যে। পাঁচটি পাসের মধ্যে দুটি ছিল ভুল।

রোনালদো মাঠ ছাড়ার পর যেন বদলে যায় আল নাসর। ৭৪ মিনিটে সাদিও মানের গোলে ব্যবধান কমিয়ে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় দলটি। মাত্র তিন মিনিট পর আবদুল্লাহ আল আমারির গোলে সমতায় ফেরে ১০ জনের আল নাসর।

নাটকের শেষ দৃশ্য আসে যোগ করা সময়ে। আবারও গোল করেন সাদিও মানে। তার দ্বিতীয় গোলেই ৩-২ ব্যবধানে এগিয়ে যায় আল নাসর। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে দুই গোলে পিছিয়ে থাকা এবং ১০ জনের দলটি নিশ্চিত করে অবিশ্বাস্য এক জয়।

এই জয়ে লিগে টানা তৃতীয় জয় পেল আল নাসর। তিন ম্যাচের তিনটিতেই জয় তুলে নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থান আরও শক্ত করেছে পোস্তেকোগলুর দল। আর রোনালদোর জন্য ম্যাচটি হয়ে থাকল এক অদ্ভুত অভিজ্ঞতা মাঠে থেকে শুরু করেও দলের রূপকথার প্রত্যাবর্তন দেখতে হলো তাকে ডাগআউটে বসে।