বিজ্ঞান-তথ্যপ্রযুক্তি
উইন্ডোজ ১১-এ যুক্ত হচ্ছে স্পিড টেস্ট অপশন, দেখুন কীভাবে কাজ করবে
উইন্ডোজ ১১ ব্যবহারকারীদের জন্য নতুন চমক নিয়ে এসেছে মাইক্রোসফট। বেটা প্রিভিউ বিল্ডে যুক্ত হয়েছে বেশ কিছু নতুন ফিচার, যার মধ্যে সবচেয়ে আলোচিত হচ্ছে নেটওয়ার্ক ফ্লাইআউট থেকেই সরাসরি ইন্টারনেট স্পিড পরীক্ষা করার অপশন।
প্রযুক্তি বিষয়ক সাইট Neowin জানায়, এক্স (পূর্বে টুইটার) প্ল্যাটফর্মে একজন ব্যবহারকারী প্রথম এই ফিচারটির কথা তুলে ধরেন। তার প্রকাশিত স্ক্রিনশটে দেখা যায়, ওয়াই-ফাই রিফ্রেশ বাটনের ঠিক পাশে একটি নতুন ‘Speed Test’ বাটন যুক্ত হয়েছে।
শুধু তাই নয়, নেটওয়ার্ক আইকনে রাইট-ক্লিক করলেই কনটেক্সট মেনুতে নতুন শর্টকাট হিসেবে স্পিড টেস্ট অপশন দেখা যাবে। এটি থাকবে নেটওয়ার্ক ট্রাবলশুটার ও সেটিংস অপশনের সঙ্গে।
তবে এই ফিচারটি উইন্ডোজের কোনও নিজস্ব টুল নয়। এটি মূলত ব্যবহারকারীকে Bing-এর স্পিড টেস্ট টুলে রিডাইরেক্ট করে। যদিও এটি সম্পূর্ণ নেটিভ নয়, তবে দ্রুত অ্যাক্সেসযোগ্য হওয়ায় সাধারণ ব্যবহারকারীদের কাছে এটি বেশ কার্যকর হবে বলে ধারণা করা হচ্ছে।
মাইক্রোসফট চূড়ান্ত সংস্করণে ফিচারটির অবস্থান বা কার্যপ্রণালীতে পরিবর্তন আনতে পারে।
যারা অফিসিয়াল রিলিজ না আসা পর্যন্ত অপেক্ষা করতে চান না, তারা চাইলে এখনই উইন্ডোজের PowerToys অ্যাপে থাকা ‘Run Launcher’ ব্যবহার করে সরাসরি ইন্টারনেট স্পিড টেস্ট করতে পারেন। এতে করে ব্রাউজার বা আলাদা ওয়েবসাইট খোলার প্রয়োজন পড়ে না।