বিজ্ঞান-তথ্যপ্রযুক্তি
স্টারলিংককে টেক্কা দিতে দ্রুতগতির স্যাটেলাইট অ্যানটেনা উন্মোচন করল অ্যামাজন
ইলন মাস্কের স্টারলিংক ইতোমধ্যে বাংলাদেশসহ পৃথিবীর বহু দেশে স্যাটেলাইট–ভিত্তিক ইন্টারনেট সেবা দিচ্ছে। এই বাজারে নিজেদের শক্ত অবস্থান তৈরি করতে প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যামাজনও কয়েক বছর ধরে কাজ করছে। সে লক্ষ্যে নতুন পদক্ষেপ হিসেবে প্রতিষ্ঠানটি উন্মোচন করেছে দ্রুতগতির স্যাটেলাইট অ্যানটেনা ‘লিও আলট্রা’।
অ্যামাজন জানিয়েছে, লিও আলট্রা এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে দ্রুতগতির স্যাটেলাইট অ্যানটেনা। মাত্র ২০ বাই ৩০ ইঞ্চির ডিভাইসটি দিয়ে প্রতি সেকেন্ডে সর্বোচ্চ ১ গিগাবিট ডাউনলোড এবং ৪০০ মেগাবিট আপলোড গতি পাওয়া যাবে। অ্যানটেনাটি স্বয়ংক্রিয়ভাবে অ্যামাজন ওয়েব সার্ভিসেসসহ বিভিন্ন ক্লাউড প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত হতে পারে। ছোট আকার ও সহজ ব্যবহারের কারণে ডিভাইসটি ব্যক্তিগত গ্রাহক এবং ক্ষুদ্র ব্যবসা লক্ষ্য করে তৈরি করা হয়েছে।
বর্তমান স্টারলিংক সেবায় ১ গিগাবিটের নিচে ডাউনলোড গতি পাওয়া যায়, যা অ্যামাজনের ঘোষিত গতির তুলনায় কম। তবে স্পেসএক্স জানিয়েছে, নতুন ভি–থ্রি স্যাটেলাইট নেটওয়ার্ক চালু হলে আগামী বছর থেকেই স্টারলিংক ব্যবহারকারীরা আরও দ্রুত ইন্টারনেট সুবিধা পাবে।
স্যাটেলাইট ইন্টারনেট সেবা চালুর অংশ হিসেবে অ্যামাজন কয়েক হাজার স্যাটেলাইট কক্ষপথে পাঠানোর পরিকল্পনা করেছে এবং ইতোমধ্যে প্রথম প্রোটোটাইপ স্যাটেলাইট উৎক্ষেপণও সম্পন্ন হয়েছে। অস্ট্রেলিয়ার ন্যাশনাল ব্রডব্যান্ড নেটওয়ার্ক ইতোমধ্যেই তাদের গ্রামীণ অঞ্চলে ইন্টারনেট সেবার জন্য অ্যামাজনের সঙ্গে চুক্তি করেছে। ফলে অ্যামাজনের পূর্ণাঙ্গ সেবা চালু হলে ভবিষ্যতে স্টারলিংককে আরও তীব্র প্রতিযোগিতার মুখোমুখি হতে হতে পারে।