বিজ্ঞান-তথ্যপ্রযুক্তি

মোবাইল ফোন ব্যবহারকারীদের বিটিআরসির সতর্কবার্তা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৬, ১০:৫৬ এএম

মোবাইল ফোন ব্যবহারকারীদের বিটিআরসির সতর্কবার্তা
ছবি: সংগৃহীত

মোবাইল ফোন ব্যবহারকারীদের উদ্দেশে সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। মোবাইল ফোনের ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) সিস্টেমের সার্ভার ও ব্যবহৃত আইপি ঠিকানা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে যে অপপ্রচার ও গুজব ছড়ানো হচ্ছে, সে বিষয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিটিআরসি তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিশেষ বিজ্ঞপ্তিতে জানায়, মোবাইল হ্যান্ডসেটের অবৈধ আমদানি রোধ, চুরি প্রতিরোধ, অবৈধ হ্যান্ডসেটের মাধ্যমে সংঘটিত অপরাধ দমন এবং সরকারের রাজস্ব সুরক্ষার লক্ষ্যে গত ১ জানুয়ারি সরকারি সিদ্ধান্ত অনুযায়ী এনইআইআর সিস্টেম চালু করা হয়েছে। সিস্টেমটি চালুর পর থেকেই এর সার্ভারের অবস্থান ও ব্যবহৃত আইপি নিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে।

বিটিআরসি স্পষ্ট করে জানায়, এনইআইআর সিস্টেমের সব তথ্য দেশের অভ্যন্তরে একটি নিরাপদ স্থানে হোস্ট করা রয়েছে। গ্রাহকের তথ্যের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে বিটিআরসির নিজস্ব হার্ডওয়্যার ব্যবহার করা হয়েছে এবং সরকারের ডাটা প্রোটেকশন আইন ও সংশ্লিষ্ট সব বিধিমালা যথাযথভাবে অনুসরণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এনইআইআর সিস্টেমে ব্যবহৃত আইপি ঠিকানাগুলো বাংলাদেশের একটি প্রতিষ্ঠানের অনুকূলে এশিয়া প্যাসিফিক নেটওয়ার্ক ইনফরমেশন সেন্টার (এপিএনআইসি) কর্তৃক বরাদ্দকৃত। ফলে সিস্টেমটির কোনো ডাটা বা ট্রাফিক পৃথিবীর অন্য কোনো দেশে যাওয়ার কোনো সুযোগ নেই।

এ ছাড়া, এনইআইআর পরিচালনার জন্য সব ধরনের রিকোয়েস্ট বাংলাদেশের ভেতরেই প্রক্রিয়াকরণ করা হচ্ছে বলে জানায় বিটিআরসি। আইপি রুটের বিস্তারিত পর্যালোচনার মাধ্যমেও সিস্টেমটির সার্ভার অবস্থান ও নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

সবশেষে, এনইআইআর সিস্টেম নিয়ে কোনো ধরনের অপপ্রচার, গুজব বা বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার জন্য মোবাইল ফোন ব্যবহারকারীসহ সাধারণ জনগণের প্রতি অনুরোধ জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন।