বিজ্ঞান-তথ্যপ্রযুক্তি
ফেসবুকে যুক্ত হলো বিকাশ, উদ্যোক্তাদের জন্য নতুন সম্ভাবনা
বাংলাদেশের ই-কমার্স, এফ-কমার্স ও ডিজিটাল মার্কেটিং খাতের উদ্যোক্তাদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলছে ফেসবুক। প্রতিষ্ঠানটির মূল কোম্পানি মেটা তাদের বিজ্ঞাপন প্ল্যাটফর্মে পেমেন্ট পদ্ধতি হিসেবে দেশের শীর্ষ মোবাইল আর্থিক সেবা বিকাশকে যুক্ত করার উদ্যোগ নিয়েছে। এর ফলে আন্তর্জাতিক ক্রেডিট বা ডেবিট কার্ডের ওপর নির্ভরতা উল্লেখযোগ্যভাবে কমতে পারে।
যদিও এই সুবিধা এখনও সবার জন্য চালু হয়নি, তবে ইতোমধ্যে কিছু ব্যবহারকারী পরীক্ষামূলকভাবে বিকাশের মাধ্যমে বিজ্ঞাপনের বিল পরিশোধ করতে পেরেছেন। বিভিন্ন ব্যবহারকারীর শেয়ার করা স্ক্রিনশটে দেখা গেছে, অ্যাডস ম্যানেজারের ‘পেমেন্ট পদ্ধতি যোগ করুন’ অপশনে ব্যাংক কার্ডের পাশাপাশি বিকাশও যুক্ত হয়েছে।
এতদিন দেশে ফেসবুক বিজ্ঞাপনের বিল পরিশোধে আন্তর্জাতিক কার্ড বা ডুয়াল কারেন্সি সুবিধার ওপর নির্ভর করতে হতো, যা ছোট ও মাঝারি উদ্যোক্তাদের জন্য ছিল জটিল ও ব্যয়বহুল। নতুন এই সুবিধা চালু হলে স্থানীয় মুদ্রায় সহজেই বিজ্ঞাপনের খরচ পরিশোধ করা সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
প্রযুক্তি বিশ্লেষকদের মতে, মেটা সাধারণত নতুন পেমেন্ট সুবিধা ধাপে ধাপে পরীক্ষামূলকভাবে চালু করে। তাই এখনই সব ব্যবহারকারীর কাছে ফিচারটি দৃশ্যমান না হলেও, পরীক্ষায় সফল হলে এটি পর্যায়ক্রমে সবার জন্য উন্মুক্ত হতে পারে।
এদিকে, বিষয়টি নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি মেটা। ফলে কবে নাগাদ বিকাশভিত্তিক এই পেমেন্ট ব্যবস্থা পুরোপুরি চালু হবে, তা নিশ্চিত নয়।
তবে পরীক্ষামূলক পর্যায়ে এই উদ্যোগকে দেশের ডিজিটাল উদ্যোক্তাদের জন্য ইতিবাচক অগ্রগতি হিসেবেই দেখছেন সংশ্লিষ্টরা।